Khabor Ekhon
ডোমজুড়ে মাংস বিক্রেতাকে ‘জেহাদি’ তকমা, কাঠগড়ায় বিজেপি প্রার্থী
ভোটের মুখে খাদ্যাভ্যাস ও পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার ডোমজুড়। এক মুরগির মাংস বিক্রেতাকে ‘রোহিঙ্গা’ এবং ‘জেহাদি’ বলে গালিগালাজ ও দোকান তুলে দেওয়ার হুমকির অভিযোগ উঠল স্থানীয় বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে জগদীশপুর মোড় এলাকায় তীব্র সাম্প্রদায়িক ও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে বিজেপির ‘বিদ্বেষমূলক সংস্কৃতি’ বলে তোপ দেগেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগদীশপুর মোড়ের কাছে গত দেড় বছর ধরে ফুটপাতে মুরগির মাংস বিক্রি করেন টুটুল হোসেন নামে এক যুবক। তাঁর দাবি, তিনি বীরভূমের লাভপুরের বাসিন্দা এবং এ রাজ্যের স্থায়ী ভোটার। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে প্রচার সেরে ফেরার পথে গোবিন্দ হাজরা তাঁর অনুগামীদের নিয়ে টুটুলের দোকানের সামনে দাঁড়ান। ভাইরাল হওয়া একটি ভিডিওতে (যার সত্যতা যাচাই করেনি ‘খবর এখন’) দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থী আঙুল উঁচিয়ে চিৎকার করে ওই ব্যবসায়ীকে বলছেন, “তুমি এখানকার বাসিন্দা নও। তুমি রোহিঙ্গা, তুমি জেহাদি, তুমি বাংলাদেশি।” অভিযোগ, এরপরই জোর করে তাঁর দোকানটি সরিয়ে দেওয়া হয়। অপমানে ও ক্ষোভে ভেঙে পড়া টুটুল হোসেন পরে সংবাদমাধ্যমের সামনে তাঁর ভোটার কার্ড ও প্রয়োজনীয় নথি দেখিয়ে জানান, রাজনৈতিক কারণে তাঁকে হেনস্থা করা হচ্ছে। এই খবর চাউর হতেই ময়দানে নামে তৃণমূল। রাজ্যের বিদায়ী মন্ত্রী অরূপ রায় কড়া ভাষায় বলেন, “সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয় না বলেই যাকে তাকে রোহিঙ্গা তকমা দেওয়া হচ্ছে। বাংলার মানুষ এই বিভাজনের রাজনীতি মেনে নেবে না।” পালটা যুক্তিতে অনড় অভিযুক্ত বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা। তাঁর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বাড়ির যাতায়াতের পথে ওই দোকানটি বসানো হয়েছে। রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দেওয়ার একটি পরিকল্পিত ছক চলছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও জানান, তাঁর বক্তব্যে ভুল থাকলে প্রশাসন ব্যবস্থা নিতেই পারে। নির্বাচনের ঠিক আগে ডোমজুড়ের এই ঘটনায় মেরুকরণের রাজনীতি নতুন মাত্রা পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। এই বিতর্কের জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

