Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পরিবারের মর্জির বাইরে বিয়ে, মেয়েকে শ্বাসরোধ করে খুন ও পুলিশি ষড়যন্ত্র

0 218,956,368

সন্তোষ পাঠক (অন্ধ্রপ্রদেশ): তথাকথিত পারিবারিক সম্মানের নামে আবারও এক তরুণীর প্রাণ কেড়ে নিল তাঁর নিজের পরিবার। অন্ধ্রপ্রদেশের মাচেরলা শহরে ২২ বছর বয়সি চৌদেশ্বরী নামক এক তরুণীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তাঁর বাবা ও আত্মীয়দের বিরুদ্ধে। তবে এই নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড় এসেছে পুলিশের ভূমিকায়। অভিযোগ, খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দিয়ে অপরাধীদের আড়াল করতে সক্রিয়ভাবে সাহায্য করেছিলেন স্থানীয় সার্কেল ইনস্পেক্টর। এই অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টার দায়ে ওই পুলিশ আধিকারিককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত মাসে। মাচেরলা শহরের বাসিন্দা চৌদেশ্বরী এলাকারই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু ভিনজাত বা সামাজিক মর্যাদার দোহাই দিয়ে সেই সম্পর্ক মেনে নিতে অস্বীকার করে তাঁর পরিবার। গত ৪ মার্চ পরিবারের অমতেই বাড়ি ছেড়ে প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওই তরুণী। মেয়ের নিখোঁজ হওয়ার খবর জানিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।
তদন্তে নেমে মাচেরলার ওই সার্কেল ইনস্পেক্টর যুগলকে খুঁজে বের করেন। অভিযোগ, গত ১৫ মার্চ তরুণীকে ভয় দেখিয়ে ও রীতিমতো হুমকি দিয়ে জোর করে তাঁর বাপের বাড়িতে পাঠিয়ে দেন ওই পুলিশ আধিকারিক। এর ঠিক তিন দিন পরেই বাপের বাড়ি থেকে চৌদেশ্বরীর নিথর দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পরিবার দাবি করেছিল যে মেয়েটি আত্মহত্যা করেছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আসতেই হাড়হিম করা সত্য সামনে আসে। রিপোর্টে স্পষ্ট জানানো হয়, ঘুমের মধ্যে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তরুণীকে।
তদন্তকারীদের দাবি, নিজেদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় রাগের বশেই চৌদেশ্বরীর বাবা চন্দ্রশ্রীনু ও এক আত্মীয় মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাঁদের দু’জনকেই গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্ত এখানেই থেমে থাকেনি। পুলিশের অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে যে, ওই সার্কেল ইনস্পেক্টর মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে খুনের প্রমাণ লোপাট ও অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। পুলিশ জানতে পেরেছে, তরুণীর মৃত্যুর ঠিক পরেই তাঁর পরিবার ব্যাঙ্ক থেকে বড় অঙ্কের টাকা তুলেছিল, যা ওই পুলিশ আধিকারিককে দেওয়া হয়েছিল বলে অনুমান। অভিযুক্ত আধিকারিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ লোপাট ও দুর্নীতির অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ‘অনার কিলিং’-এর এই ঘটনায় পুলিশের অসাধু আঁতাত প্রকাশ্যে আসায় রাজ্যজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper