AB Live News
বৃষ্টির ভ্রুকুটি ও ইডেনের লড়াই
শুভদীপ ব্যানার্জি: ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা সওয়া ছ’টা। প্রেস বক্স থেকে নিচের দিকে তাকালে ইডেন গার্ডেন্সকে মনে হচ্ছিল এক বিশাল রহস্যময় ক্যানভাস। শুনশান মাঠ, গ্যালারি ফাঁকা। গোটা মাঠ ঢেকে আছে ধবধবে সাদা প্লাস্টিক চাদরে। আকাশ অন্ধকার হলেও সেই চাদরের ওপর জায়ান্ট স্ক্রিনের রঙিন আলোর প্রতিফলন এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করেছে। তবে এই দৃশ্য ক্রিকেটপ্রেমীদের জন্য খুব একটা সুখকর নয়। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শহর থাকবে নিম্নচাপের কবলে। বিশেষ করে সোম ও বুধবার বৃষ্টির সম্ভাবনা প্রবল। আর এই বৃষ্টির মেঘই এখন নাইট শিবিরে উদ্বেগের কালো ছায়া ফেলেছে।
বৃষ্টির এমন সন্ধ্যায় সাধারণ মানুষের ড্রয়িংরুমে মুড়ি-সিঙাড়ার আড্ডা জমলেও, কেকেআর শিবিরে সেই ফুরসত নেই। পরিস্থিতি এতটাই কঠিন যে মাঠ ভেজা থাকলেও অনুশীলন থামিয়ে রাখার উপায় নেই। সহকারী কোচ শেন ওয়াটসন তাই বরুণ চক্রবর্তীকে নিয়ে সটান ঢুকে পড়লেন সিএবি-র ইনডোরে। তাঁর সঙ্গে ছিলেন রমনদীপ সিং, অঙ্গকৃষ রঘুবংশী, তেজস্বী এবং রাহুল ত্রিপাঠীরা। টানা দুই ম্যাচ হেরে নাইটদের এখন ‘শিরে সংক্রান্তি’ দশা। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় তাই বৃষ্টির ভ্রুকুটিকে উপেক্ষা করেই ঘাম ঝরাচ্ছে দল।
সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা। অজিঙ্ক রাহানে নিশ্চিতভাবেই চাইবেন বৃষ্টি যেন বাগড়া না দেয়। কিন্তু কৌতূহলের বিষয় হলো দলের রণকৌশল। বোলিং কোচ টিম সাউদির কথায় স্পষ্ট যে, দল এখনও সেই ‘প্ল্যান এ’ আঁকড়েই পড়ে আছে। পরিবর্তনের কোনো বড় সঙ্কেত নেই। প্রশ্ন উঠছে, তবে কি রাচিন রবীন্দ্র বা পাওয়েলদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হবে? প্রাক্তন ক্রিকেটাররা বরুণ চক্রবর্তীকে থিতু হওয়ার জন্য সময় দেওয়ার পরামর্শ দিলেও, ওয়াটসন যেভাবে তাঁকে আলাদা করে ইনডোরে তালিম দিলেন, তাতে স্পষ্ট যে পাঞ্জাব ম্যাচে বরুণের ওপর বড় দায়িত্ব থাকছে।
আইপিএলের নিয়ম অনুযায়ী, ন্যূনতম ৫ ওভারের ম্যাচ হওয়ার জন্য রাত ১০টা ৫৬ পর্যন্ত অপেক্ষা করা যায়। সেক্ষেত্রে ১০টা ৪১ মিনিটের মধ্যে টস সেরে ফেলতে হবে। আর যদি তাও সম্ভব না হয়, তবে পয়েন্ট ভাগাভাগি। কিন্তু কেকেআরের বর্তমান যা অবস্থা, তাতে রাহানেরা চাইবেন পূর্ণ ম্যাচ এবং পূর্ণ পয়েন্ট। তবে কাজটা মোটেও সহজ নয়। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস এখন বিধ্বংসী ফর্মে। বিশেষ করে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দলটির ভারসাম্য ঈর্ষণীয়। নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে শ্রেয়স যেমন নিজেকে প্রমাণ করতে মরিয়া, তেমনই কেকেআরের অনভিজ্ঞ পেস অ্যাটাকের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন পাঞ্জাবের দুই ওপেনার প্রভসিমরন এবং প্রিয়াংশ।
পাঞ্জাবের সহকারী বোলিং কোচ ট্রেভর গঞ্জালেস আবার শ্রেয়স আইয়ারের প্রশংসায় পঞ্চমুখ। তাঁর মতে, শ্রেয়সের পজিটিভ মানসিকতা এবং কোচ রিকি পন্টিংয়ের পরিকল্পনা দলকে এক সুতোয় গেঁথে রেখেছে। পন্টিং খুব বেশি পরিবর্তন পছন্দ করেন না, বরং পুরনো ক্রিকেটারদের ওপর ভরসা রাখতেই ভালোবাসেন। আর এই দলেই আছেন যুজবেন্দ্র চাহালের মতো অভিজ্ঞ স্পিনার, যিনি বৃষ্টির মধ্যেও একটি প্র্যাকটিস সেশন মিস করেন না। সোমবারের ইডেনে পিচ সম্ভবত স্পিনারদের খুব একটা সাহায্য করবে না। কিন্তু একদিকে বরুণ-নারিন, অন্যদিকে চাহাল—দুই দলের স্পিন আক্রমণ যদি একবার ২২ গজে রহস্যের জাল বিছিয়ে দিতে পারে, তবে লড়াই হবে সমানে সমানে। সাউদি অবশ্য মনে করিয়ে দিয়েছেন, ইডেন বরাবরই রানের মাঠ। এখন দেখার, বৃষ্টির মেঘ সরিয়ে শেষ পর্যন্ত ইডেনের গ্যালারি রাহানেদের জন্য জয়ের হাসি হাসে কি না। গ্যালারি অবশ্য বরাবরের মতোই প্রিয় নাইটদের পাশেই থাকছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

