Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নদিয়ায় মেগা প্রচার মমতার, নাকাশিপাড়া থেকে শান্তিপুরে তুঙ্গে প্রস্তুতি

0 719,943,308

রমিত সরকার (কৃষ্ণনগর ও রানাঘাট) আসন্ন নির্বাচনের রণদামামা বাজিয়ে চলতি সপ্তাহেই নদিয়া জেলা সফরে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ— গোটা জেলাজুড়ে একগুচ্ছ নির্বাচনি জনসভা করবেন তিনি। নাকাশিপাড়া, শান্তিপুর এবং চাকদহে নেত্রীর এই জোড়া সফরকে কেন্দ্র করে কার্যত সাজ সাজ রব শাসক শিবিরে। রাজনৈতিক মহলের মতে, জেলার সংখ্যালঘু ও মতুয়া ভোটব্যাঙ্ক যখন ফলাফলের নির্ধারক হয়ে দাঁড়িয়েছে, তখন মুখ্যমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সূচি অনুযায়ী, আগামী সোমবার নাকাশিপাড়ার বেথুয়াডহরি জেসিএম স্কুল মাঠে প্রথম জনসভাটি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভাকে কেন্দ্র করে নাকাশিপাড়া, কালীগঞ্জ এবং পলাশিপাড়া বিধানসভা এলাকার কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। শনিবার সকালেই সভাস্থল পরিদর্শন করেন জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া মৈত্র। তিনি জানান, মুখ্যমন্ত্রীর এই জনসভাকে ঐতিহাসিক রূপ দিতে দল প্রস্তুত। নাকাশিপাড়ার পর ওইদিনই মুখ্যমন্ত্রী শান্তিপুরে দ্বিতীয় সভাটি করবেন। তার আগে কৃষ্ণনগর বাহাদুরপুর ও বেথুয়াডহরিতে হেলিপ্যাড তৈরির কাজ যুদ্ধকালীন তৎপরতায় শেষ করা হচ্ছে।
শান্তিপুরের অদ্বৈত পৌর ক্রীড়াঙ্গনে সভার প্রস্তুতি খতিয়ে দেখেছেন জেলাশাসক, পুলিশ সুপার এবং বিধায়ক কিশোর গোস্বামী। দলীয় নেতৃত্বের দাবি, শুধুমাত্র শান্তিপুরের সভাতেই ৩০ হাজারেরও বেশি মানুষের সমাগম হবে। রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়ের কথায়, “বিগত ১০ বছরের খরা কাটিয়ে এবার নদিয়ায় ঐতিহাসিক ফল করবে তৃণমূল। নেত্রীর আগমনে কর্মীদের মধ্যে যে উদ্দীপনা দেখা যাচ্ছে, তাতে জয় নিশ্চিত।”
সোমবারের ঠাসা কর্মসূচির পর মঙ্গলবার চাকদহ বিধানসভাতেও জনসভা করার কথা রয়েছে তৃণমূল নেত্রীর। শান্তিপুর ও চাকদহের সভা দুটিতে মূলত মতুয়া ভোটকে সংহত করাই মুখ্যমন্ত্রীর লক্ষ্য বলে মনে করা হচ্ছে। একদিকে প্রশাসনিক স্তরে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হচ্ছে, অন্যদিকে জেলা জুড়ে শুরু হয়েছে দেওয়াল লিখন ও তোরণ নির্মাণের কাজ। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই মেগা প্রচার ঘিরে সরগরম নদিয়ার রাজনীতি।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper