Khabor Ekhon
মমতার আক্রমণ: ‘কাকে ভয় দেখাচ্ছ, সব জানি’
নিখিল গিরি (সামশেরগঞ্জ): তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে (এগ্রিকালচারাল ডিরেক্টরেট ফিল্ড) জনসভায় বিধানসভা নির্বাচনের প্রচারে ঝড় তুললেন। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপিকে তীব্র আক্রমণ করার পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। অফিসার বদলি, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং রাজ্যের প্রশাসনিক ক্ষমতা কেড়ে নেওয়ার অভিযোগ তুলে মমতা বলেন, “কাকে ভয় দেখাচ্ছ, সব জানি।”
সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন ঘোষণার পর থেকে কমিশন রাজ্য সরকারের হাত থেকে প্রশাসনিক ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। একাধিক পুলিশ অফিসার বদলি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এর ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং বিজেপি এই সুযোগে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে।
তৃণমূলের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়েও কড়া বার্তা দেন মমতা। সামশেরগঞ্জের প্রসঙ্গে তিনি বলেন, “শুনেছি তিনি (মণিরুল ইসলাম) মনোনয়ন জমা দিয়েছেন। টিকিট না পেয়ে আমি তাঁকে বলছি প্রত্যাহার করে নিতে। না করলে আমি জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ খলিলুর রহমানকে বলছি, দল থেকে তাঁকে বহিষ্কার করতে।” মণিরুলকে সাসপেন্ড করার হুঁশিয়ারিও দেন তিনি।
মমতা আরও বলেন, বিজেপি ও কমিশন একযোগে রাজ্যে অস্থিরতা তৈরি করার চক্রান্ত করছে। তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনও উস্কানিতে পা দেবেন না। “আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। বাংলার শান্তি রক্ষা করতে হবে,” বলেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও প্রার্থীরা। এই বক্তব্যের মাধ্যমে মমতা একদিকে কেন্দ্রীয় শক্তি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন, অন্যদিকে দলের অভ্যন্তরে কোনও বিদ্রোহী প্রবণতাকে কঠোর হাতে দমনের বার্তা দিলেন। ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে সামশেরগঞ্জের এই সভা তৃণমূলের প্রচারে নতুন গতি আনতে পারে বলে দলীয় সূত্রে মনে করা হচ্ছে। মমতার এই আক্রমণাত্মক ভঙ্গি বিজেপি ও কমিশনের পাল্টা প্রতিক্রিয়া ডেকে আনতে পারে বলেও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

