AB Live News
ধোঁয়াশায় গ্রিন ও নাইটদের ছক
শুভদীপ ব্যানার্জি: সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই কেকেআরের। কিন্তু ম্যাচের আগের দিন ইডেনের মেঘলা আকাশের মতোই নাইট শিবিরের অন্দরমহলে জমল একরাশ ধোঁয়াশা। বিশেষ করে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে যে আশার আলো দেখা দিয়েছিল, তাতে আপাতত জল ঢেলে দিলেন স্বয়ং বোলিং কোচ টিম সাউদি। নেটে গ্রিনকে পূর্ণ উদ্যমে বল করতে দেখে যারা ভেবেছিলেন পাঞ্জাব ম্যাচেই তিনি বল হাতে ঝড় তুলবেন, তাদের জন্য দুঃসংবাদ— এখনই বল করছেন না এই অজি তারকা।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাউদি স্পষ্ট জানান, গ্রিন সর্বোচ্চ চেষ্টা করলেও বল হাতে মাঠে নামার বিষয়টি পুরোপুরি তাঁর হাতে নেই। এখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ‘ক্রিকেট অস্ট্রেলিয়া’। গ্রিনের ফিটনেস ও উন্নতির প্রতিটি ধাপ নিয়মিত রিপোর্ট আকারে পাঠাতে হচ্ছে অস্ট্রেলীয় বোর্ডকে। সেখান থেকে সবুজ সংকেত না আসা পর্যন্ত কেকেআর তাঁকে দিয়ে বল করানোর ঝুঁকি নিতে পারছে না। সাউদি বলেন, “যোগাযোগ চলছে, ও খুব দ্রুত বল করবে। তবে টুর্নামেন্টটা লম্বা, আমাদের ধৈর্য ধরতে হবে।” অর্থাৎ, পাঞ্জাব ম্যাচেও নাইটদের স্রেফ বিশেষজ্ঞ ব্যাটার গ্রিনকে নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।
তবে শুধু গ্রিন নয়, বোলিং কোচের কথায় ধোঁয়াশা তৈরি হয়েছে কেকেআরের প্রধান দুই অস্ত্র বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনকে নিয়েও। সাউদি তাঁদের ‘বিশ্বমানের বোলার’ এবং ‘অসাধারণ দক্ষতাসম্পন্ন’ বলে দরাজ সার্টিফিকেট দিলেও আসল প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। গত দুই ম্যাচে এই দুই স্পিনার নিজেদের কোটার পূর্ণ ১৬ ওভার বল করতে পারেননি। দুই ম্যাচ মিলিয়ে প্রাপ্তি মাত্র একটি উইকেট। কেন দলের প্রধান দুই বোলারকে পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না, তার কোনো সদুত্তর সাউদির কাছে মেলেনি।
সোমবারের ম্যাচে পাঞ্জাবের দুই ওপেনার প্রভসিমরন সিং ও প্রিয়াংশকে থামানোই হবে কেকেআরের প্রধান চ্যালেঞ্জ। বৈভব অরোরার উন্নতি নিয়ে সাউদি আশাবাদী হলেও দলের ‘প্ল্যান বি’ নিয়ে তাঁর কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। রোভম্যান পাওয়েল কিংবা রাচিন রবীন্দ্রদের দলে ঢোকানোর মতো সাহসী কোনো পদক্ষেপের ইঙ্গিতও তিনি দেননি। বরং চেনা ছকে ‘ইডেন রানের মাঠ’ এবং ‘আমাদের অনেক ভালো প্লেয়ার আছে’— এমন গতানুগতিক মন্তব্যেই সারলেন প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলন। ফলে পাঞ্জাব ম্যাচে কেকেআর নতুন কোনো রণকৌশল নিয়ে নামবে কি না, তা নিয়ে ধন্দ থেকেই গেল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

