Khabor Ekhon
দোলের দিন কলকাতায় ৩৩০ গ্রেফতার, বাজেয়াপ্ত ২৫ লিটার মদ কড়া নিরাপত্তায় শহর, বড় অপ্রীতিকর ঘটনা এড়ানো গেল
দোলযাত্রা ও হোলির উৎসবকে কেন্দ্র করে কলকাতা পুলিশের কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও অভব্য আচরণ, মত্ত অবস্থায় প্রকাশ্যে ঘোরাফেরা এবং ঝামেলা সৃষ্টির অভিযোগে মঙ্গলবার শহরজুড়ে মোট ৩৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, শহরের ১০টি ডিভিশন জুড়ে এই গ্রেফতারির ঘটনা ঘটেছে। একই সঙ্গে পুলিশের তল্লাশি অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ২৫ লিটার বেআইনি মদ।
দোলের দিন সকাল থেকেই শহরে কড়া নিরাপত্তা বলবৎ করা হয়। অপ্রীতিকর ঘটনা রোধ করতে প্রায় ৪,০০০ পুলিশকর্মী মোতায়েন করা হয় রাস্তায়। যুগ্ম পুলিশ কমিশনার ও ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকরাও সরাসরি মাঠে নেমে তদারকি করেন। শহরজুড়ে মোট ৩৯৮টি পুলিশ পিকেট বসানো হয়, যার মধ্যে ৮৬টি গুরুত্বপূর্ণ স্থানে (যেমন খান্না মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, শ্যামবাজার প্রভৃতি) বিশেষ পিকেট স্থাপন করা হয়। এসব বিশেষ পিকেটে ৬ জন করে পুলিশকর্মী মোতায়েন থাকেন, অন্যদিকে বাকি ৩১২টি পিকেটে ৩ জন করে কর্মী দায়িত্ব পালন করেন।
পুলিশের হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ৬২টি পিসিআর ভ্যান এবং কুইক রেসপন্স টিম (কিউআরটি) সারাদিন শহরে টহল দেয়। অপরিসর গলি-রাস্তায় মোটরবাইক পেট্রোলিং চালানো হয়। বিশেষ করে মদ্যপ অবস্থায় গঙ্গা বা অন্য জলাশয়ে স্নান করা রোধ করতে কলকাতার ৬৬টি ঘাটে কড়া নজরদারি রাখা হয়। এর মধ্যে অন্তত ২৪টি ঘাটে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ (ডিএমজি) মোতায়েন করা হয়। প্রতিটি ডিভিশনে একটি করে ডিএমজি টিম সতর্ক অবস্থানে রাখা হয়।
বহুতলের ছাদ বা বারান্দা থেকে পথচারীদের দিকে রং বা জলভর্তি বেলুন ছোঁড়া রোধ করতেও পুলিশ বিশেষ সতর্ক ছিল। জোর করে রং মাখানো বা রং খেলার নামে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলিকে। বেআইনি মদের বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে।
হোলির দিনও (বুধবার) একইভাবে কড়া নজরদারি অব্যাহত রাখা হয়েছে। লালবাজারের তরফে জানানো হয়েছে, উৎসবের আনন্দ যাতে কোনও গোলমালে বিঘ্নিত না হয়, সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। শহরবাসীর সহযোগিতায় দোলযাত্রা মোটামুটি শান্তিপূর্ণভাবে কেটেছে বলে পুলিশ মনে করছে, যদিও অভব্যতার কারণে গ্রেফতারের সংখ্যা উল্লেখযোগ্য।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

