Khabor Ekhon
জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’! চূড়ান্ত ভোটার তালিকায় ব্রাত্য কালনার
সশরীরে হাজির হয়ে প্রমাণ দিয়েছেন তিনি বেঁচে আছেন। আশ্বাস দিয়েছিল প্রশাসনও। কিন্তু নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা বেরোতেই দেখা গেল, কালনার পূর্ণ সাহা আজও সরকারি নথিতে ‘মৃত’। ৪২ বছরের এক জলজ্যান্ত মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে যাওয়ায় শুধু যে তাঁর নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে তাই নয়, বন্ধ হওয়ার মুখে রেশনের চাল থেকে শুরু করে সমস্ত সরকারি পরিষেবা। এই ঘটনাকে কেন্দ্র করে এখন তুঙ্গে রাজনৈতিক তরজা।
কালনা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ২০৪ নম্বর বুথের বাসিন্দা পূর্ণ সাহা পেশায় একজন দিনমজুর। বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা ও স্ত্রী। অভিযোগ, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরেও যখন খসড়া তালিকা প্রকাশিত হয়, সেখানে পূর্ণর নামের পাশে ‘মৃত’ শব্দবন্ধটি জুড়ে দেওয়া হয়েছিল। বিষয়টি নজরে আসতেই আকাশ থেকে পড়েন পূর্ণ। নিজেকে জীবিত প্রমাণ করতে কালনা পুরসভায় ছোটেন তিনি। সশরীরে হাজির হয়ে জানান, তিনি বেঁচে আছেন। তখন প্রশাসনের পক্ষ থেকে টনক নড়ে এবং আশ্বাস দেওয়া হয় যে, চূড়ান্ত তালিকায় এই ভুল সংশোধন করে তাঁকে ‘জীবিত’ হিসেবেই অন্তর্ভুক্ত করা হবে।
সম্প্রতি নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে পূর্ণর মা ও স্ত্রীর নাম থাকলেও ঠাঁই হয়নি পূর্ণর। কার্যত পরিচয়হীন হয়ে পড়েছেন এই দিনমজুর। রেশনের সুবিধা থেকে শুরু করে অন্যান্য সরকারি প্রকল্প—সবই এখন বিশ বাঁও জলে। পূর্ণর আক্ষেপ, “আমি বারবার নথি নিয়ে ঘুরলাম, দিল্লি পর্যন্ত দরবার করলাম, তবুও কেন আমাকে মৃত সাজিয়ে রাখা হল? এখন আমার পরিবার চলবে কী করে?”
ঘটনাটি প্রকাশ্যে আসতেই কালনায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। দোষারোপ আর পাল্টা দোষারোপের লড়াইয়ে সরগরম ১২ নম্বর ওয়ার্ড।
স্থানীয় তৃণমূল কাউন্সিলর কল্পনা বসু সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছেন। তাঁর বক্তব্য, “আমরা বিডিও এবং এসডিও অফিসে আগেই জানিয়েছিলাম। আমাদের বলা হয়েছিল ৬ নম্বর ফর্ম পূরণ করা হয়েছে, নাম উঠে যাবে। এমনকি বিষয়টি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি পর্যন্ত যাওয়া হয়েছিল। তারপরেও নাম না থাকাটা অত্যন্ত রহস্যজনক এবং কমিশনের গাফিলতি।”
পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুমন ঘোষের দাবি, “তৃণমূল আমলে যাঁরা সাদা খাতায় পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, আজ তাঁরাই বিএলও হিসেবে কাজ করছেন। তাঁদের অযোগ্যতার কারণেই এই দুর্ভোগ। তবে কমিশনের ওপর আমাদের আস্থা আছে, নতুন করে ফর্ম পূরণ করে নাম তোলা সম্ভব।”
এখনও পর্যন্ত সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (বিএলও)-এর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসনের একটি সূত্রের খবর, প্রযুক্তিগত ত্রুটি নাকি মানবিক ভুল, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং ভোটার তালিকায় ঠাঁই পেতে আবারও নতুন করে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন ‘কাগজে-কলমে মৃত’ কালনার এই বাসিন্দা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

