Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

‘বনগাঁ থেকে বম্বে—অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই মিমির পরিচয়’, জন্মদিনে বন্ধুর দরাজ প্রশংসায় সোহম

0 102,711

টলিউডের গ্ল্যামার কুইন তিনি। কখনও বড় পর্দা কাঁপিয়েছেন, কখনও আবার সামলেছেন সাংসদ পদ। কিন্তু পর্দার মিমির আড়ালে লুকিয়ে আছে এক ছটফটে, প্রতিবাদী এবং ভীষণ সংবেদনশীল মানুষ। আজ মিমি চক্রবর্তীর জন্মদিন। আর এই বিশেষ দিনে তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু সোহম চক্রবর্তী মেলে ধরলেন মিমির জীবনের এমন কিছু অজানা দিক, যা শুনে যেমন হাসি পায়, তেমনই জন্ম দেয় শ্রদ্ধার।

সোহম সাধারণত মিমিকে তাঁর পুরো নাম অর্থাৎ ‘মিমি চক্রবর্তী’ বলেই ডাকেন। কিন্তু কেন? সোহমের কথায়, “ওঁর এতদিনের কেরিয়ার, প্রাক্তন সাংসদ— নামের তো একটা ভার আছে। তাই শুধু মিমি বলতে কেমন একটা লাগে। কিন্তু মিমি এটা শুনলে রেগে আগুন হয়ে যায়! আমায় রীতিমতো মারতে আসে।” সোহম জানান, পদমর্যাদার আড়ালে মিমি আসলে একজন ভীষণ মিশুকে এবং মাটির মানুষ।

বন্ধুর বর্ণনায় মিমি যেন সুকুমার রায়ের কোনও কবিতার চরিত্র। সারাক্ষণ প্রাণশক্তিতে ভরপুর, চঞ্চল। সোহম বলেন, “ওর সঙ্গে থাকলে মনখারাপের কোনও জায়গা নেই।” তবে মিমির একটি গোপন দুর্বলতাও ফাঁস করেছেন সোহম। মিমি যখন ক্ষুধার্ত থাকেন, তখন নাকি তাঁর মাথার ঠিক থাকে না!

“মিমি আসলে একজন ঘোরতর ‘হ্যাঙ্গরি’ (Hungry + Angry) পার্সন। খিদে পেলে ও অদ্ভুত আচরণ শুরু করে। যদিও প্রয়োজনে ও কড়া ডায়েট মেনে চলে, কিন্তু খাওয়ার ব্যাপারে ওর ভালোবাসা দেখার মতো।”

মিমির সারমেয়-প্রীতির কথা কারও অজানা নয়। কিন্তু সোহম মনে করেন, মিমি যেভাবে তাঁর পোষ্যদের জন্য ভাবেন, তা বিরল। সোহম নিজেও পশুপ্রেমী, কিন্তু মিমির এই নিঃস্বার্থ ভালোবাসা তাঁকে মুগ্ধ করে। তাঁর মতে, মিমির হৃদয়ের একটা বড় অংশ জুড়ে রয়েছে এই অবলা প্রাণীরাই।

মিমির সবচেয়ে বড় গুণ হল তাঁর স্পষ্টবাদিতা। তিনি যেমন আড়ালে কারও নিন্দা করেন না, তেমনই সামনে অন্যায় দেখলে ছেড়ে কথা বলেন না। সোহম স্মৃতিচারণ করে বলেন, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর শুটিং চলাকালীন সেটে একজন সোহমকে কটু কথা বললে, সোহম মুখ খোলার আগেই মিমি রুখে দাঁড়িয়েছিলেন।

বনগাঁর একটি শো-তে মিমির সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার কথা উল্লেখ করে সোহম বলেন, “বনগাঁ হোক বা বম্বে— ও সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। ওই ঘটনার পর মিমি যেভাবে রুখে দাঁড়িয়েছিল, তা কুর্নিশ করার মতো। ও যেন সারা জীবন এমনই স্পষ্টবাদী আর প্রাণবন্ত থাকে।”

জন্মদিনের শুভেচ্ছাবার্তার শেষে সোহম মনের সুপ্ত ইচ্ছার কথা জানালেন। মিমির সঙ্গে কাজ করতে তিনি সবসময় স্বচ্ছন্দ বোধ করেন। তাই জন্মদিনের আবদারে তিনি চাইলেন, আগামী দিনে যেন আবারও পর্দায় ‘সোহম-মিমি’ জুটির ম্যাজিক দেখতে পায় দর্শক।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper