Khabor Ekhon
ফের বিয়ের পিঁড়িতে বসবেন? কী ইঙ্গিত সানিয়ার?
সঞ্জয় মিত্র :টেনিস কোর্টে একের পর এক সাফল্য, ব্যক্তিগত জীবনে নানা ওঠাপড়া। বিচ্ছেদের পর নিজের জীবনকে নতুনভাবে সাজিয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহল এখনও কমেনি। বিশেষ করে নতুন সম্পর্ক নিয়ে বারবার উঠেছে প্রশ্ন। এবার সেই জল্পনার জবাব দিলেন সানিয়া নিজেই।নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর জনপ্রিয় টক শো ‘ডাবল ডেট’-এ ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র পরিচালক ফারহা খানের সঙ্গে হাজির হয়েছিলেন সানিয়া। সেখানেই তাঁর প্রেম ও ডেটিং নিয়ে প্রশ্ন করেন সঞ্চালকেরা। সম্প্রতি কেউ তাঁকে কফি ডেটে যাওয়ার প্রস্তাব দিয়েছেন কি না, সেই প্রশ্নের উত্তরে মজার ছলেই নিজের অভিজ্ঞতার কথা জানান টেনিস তারকা।সানিয়া জানান, তাঁর পুরুষ বন্ধুরা প্রায়ই তাঁকে ছেলেদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনায় সামিল করেন। কিন্তু সেখানে তাঁকে প্রেমের সম্ভাব্য সঙ্গী হিসেবে নয়, বরং বন্ধু হিসেবেই দেখা হয়। কথোপকথনে ফারহা খানও মজা করে জানান, তাঁর পরিচিত অনেকেই জানতে চান, সানিয়া সত্যিই কি এখনও একা রয়েছেন? এরপরই আসে ব্যক্তিগত জীবন নিয়ে সরাসরি প্রশ্ন। সানিয়ার স্পষ্ট জবাব, “আমার জীবনে কোনও পুরুষ নেই। ভবিষ্যতে কেউ আসবেন কি না, সেটাও আমি জানি না।” তাঁর এই মন্তব্য ঘিরেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, ২০১০ সালে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানিয়া। ২০১৮ সালে তাঁদের পুত্রসন্তান ইজহান মির্জা মালিকের জন্ম হয়। ২০২৩ সালে তাঁদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০২৪ সালের জানুয়ারিতে অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শোয়েব।২০২৩ সালে পেশাদার টেনিস থেকে অবসর নেওয়ার পর সানিয়া নিজের কাজ, মাতৃত্ব এবং অন্যান্য দায়িত্ব নিয়ে ব্যস্ত। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ যে এখনও অটুট, সাম্প্রতিক মন্তব্যেই তা আরও একবার স্পষ্ট হল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

