Khabor Ekhon
প্রেমিকার প্রত্যাখ্যান, মল থেকে ঝাঁপ যুবকের
শ্রীতমা ব্যানার্জী :প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। সেই সম্পর্ককে বিয়ের পরিণতি দিতে চেয়েছিলেন যুবক। কিন্তু প্রেমিকার কাছ থেকে বিয়ের প্রস্তাবে সম্মতি না মেলায় শেষ পর্যন্ত মর্মান্তিক পরিণতি হল। উত্তরপ্রদেশের কানপুরের একটি শপিং মলের দোতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল ৩৫ বছর বয়সি এক যুবকের। বুধবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।মৃত যুবকের নাম রিয়াজ ওরফে সিকন্দর। তিনি কানপুরের চমনগঞ্জ এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, প্রায় ১০ বছর ধরে এক তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। ওই তরুণী তাঁর আত্মীয়ের পরিবারের সদস্য। কাজের সূত্রে দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন সিকন্দর। সেই সময়েও দু’জনের মধ্যে যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে।অভিযোগ, সিকন্দর বিদেশে থাকাকালীন ওই তরুণী অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েন। দেশে ফেরার পর বিষয়টি জানতে পেরে তাঁর সঙ্গে দেখা করে কথা বলতে চেয়েছিলেন সিকন্দর। সেই উদ্দেশ্যেই বুধবার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে কানপুরের সর্বোদয়নগরের রেভ মোতি মলে যান তিনি। সেখানে প্রেমিকার সঙ্গেও দেখা হয় তাঁর।কিন্তু বিয়ের প্রস্তাবে রাজি হননি তরুণী। এই বিষয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। এরপরই আচমকা শপিং মলের দ্বিতীয় তলা থেকে ঝাঁপ দেন সিকন্দর। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।ঘটনার পর থেকেই ওই তরুণীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। যুবকের পরিবারের বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।দীর্ঘদিনের সম্পর্ক, প্রত্যাশা এবং বিয়েকে ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতি শেষ পর্যন্ত এক মর্মান্তিক ঘটনায় পরিণত হল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

