Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ধুঁকছে পাঁচলার জরিশিল্প

0 9,109,385,721

একসময় বাংলার কুটির শিল্পের মানচিত্রে উজ্জ্বল নাম ছিল পাঁচলা। গ্রামের ঘরে ঘরে দিনরাত চলত জরির সূক্ষ্ম কাজের ঠকঠকানি। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, এই তল্লাট থেকে কাজের বরাত নিয়ে জীবিকা নির্বাহ করতেন রাজ্যের কয়েক লক্ষ মানুষ। কিন্তু সেই সোনালি দিন আজ অতীত। ধুলো জমছে ফ্রেমগুলোতে, আর পেটের টানে আদি পেশা ছেড়ে ভিন রাজ্যে শ্রমিকের কাজে পাড়ি দিচ্ছেন প্রথিতযশা শিল্পীরা। ভোটের মুখে এই ধুঁকতে থাকা জরিশিল্পই এখন উলুবেড়িয়া ও পাঁচলা বিধানসভা কেন্দ্রের প্রধান রাজনৈতিক হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।
​জরিশিল্পীদের অবস্থার উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পাঁচলায় একটি বিশেষ ‘জরি হাব’ বা প্রোজেক্ট তৈরি করা হয়েছিল। পরিকল্পনা ছিল, এখান থেকেই দেশ-বিদেশের বড় ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন শিল্পীরা। থাকবে প্রশিক্ষণ ও বিপণনের আধুনিক ব্যবস্থা। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সেই প্রকল্প এখন কার্যত শ্বেতহস্তী। মুখ থুবড়ে পড়েছে আমদানি-রপ্তানির পরিকল্পনা। ফলে কাজের সন্ধানে বিকল্প পেশার দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছেন কারিগররা। এই পরিস্থিতিকে হাতিয়ার করে আসরে নেমেছেন বিজেপি প্রার্থী রঞ্জন পাল। তাঁর সরাসরি তোপ, “রাজ্য সরকারের সদিচ্ছার অভাব এবং পরিকল্পনাহীনতার কারণেই এই শিল্পের আজ এই দশা। শিল্পীদের জন্য যে হাব তৈরি হয়েছিল, তা আদতে কোনো কাজে আসেনি। বিকল্প কর্মসংস্থানের যে দিশা দেখানো হয়েছিল, তাও সম্পূর্ণ ব্যর্থ।”
​পাল্টা যুক্তি সাজিয়েছেন এই কেন্দ্রের চারবারের বিধায়ক তথা তৃণমূল প্রার্থী গুলশান মল্লিক। জরিশিল্পের এই অবনমনের জন্য তিনি সরাসরি আঙুল তুলেছেন বিজেপি শাসিত রাজ্যগুলির দিকে। তাঁর দাবি, “জরির কাজের বড় বড় বরাত আসত মহারাষ্ট্র-সহ অন্য রাজ্যগুলি থেকে। কিন্তু কেন্দ্রের ভুল নীতি এবং ওই রাজ্যগুলির ব্যবসায়িক প্রতিকূলতার কারণে বড় ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন। এর প্রভাব পড়েছে বাংলার শিল্পীদের ওপর। এটা শুধু রাজ্যের বিষয় নয়, এর পিছনে জাতীয় অর্থনীতির বড় ভূমিকা রয়েছে।” রাজনৈতিক তরজা তুঙ্গে উঠলেও আদতে দিশাহারা হাজার হাজার সাধারণ শিল্পী। স্থানীয়দের একাংশের দাবি, ফাউন্ড্রি পার্কের মতো কিছু প্রকল্প চালু হলেও তা এই বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের জন্য যথেষ্ট নয়। ভোটের বাক্সে জয়-পরাজয় যাই হোক, পাঁচলার জরিশিল্প কি আদৌ তার হৃত গৌরব ফিরে পাবে? উত্তরের অপেক্ষায় দিন গুনছেন ক্লান্ত শিল্পীরা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper