Khabor Ekhon
কল্যাণের ধর্মতলায় ‘গদ্দার’ হুঁশিয়ারি মমতার কাছে প্রতিশ্রুতি আদায়

ধর্মতলার মেট্রো চ্যানেলে তৃণমূল কংগ্রেসের ধরনামঞ্চ আজ দ্বিতীয় দিনেও শিরোনাম কেড়েছে। সকাল থেকে বিকেল—মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে নির্বাচন কমিশনের বিশেষ নাম তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ার বিরোধিতায় অবস্থান। কিন্তু দিনের সবচেয়ে আলোচিত মুহূর্তটি এল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময়।
ভরা মঞ্চে দাঁড়িয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ সরাসরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে বললেন, “আপনি বরাবর গদ্দারদেরই নেন।” তিনি আরও যোগ করেন, “এবার আর নেবেন না।” এ কথা শুনে মমতা হাত নেড়ে ‘না’ বোঝালেন এবং কল্যাণের দাবিতে সাড়া দিয়ে বুঝিয়ে দিলেন—এবার কোনও দলবদলকারী বা ‘গদ্দার’-কে দলে নেওয়া হবে না।
কল্যাণ আরও বলেন, “২৬-এর ভোটটা হতে দিন। অনেকে পাঁচিলের উপর বসে আছে। ভোট হলেই তারা তৃণমূলের দিকে ঝাঁপ দেবে।” তিনি মমতাকে স্মরণ করিয়ে দেন যে এবার নতুন প্রজন্মকে সুযোগ দিতে হবে। “বিজেপি মার্কা একটা মাল আসবে না কোথাও। শুভেন্দু অধিকারী আসতে চাইলে মেরে তাড়াতে হবে,”—এমন কথাও বলেন তিনি।
পশ্চিমবঙ্গে ভোটের আগে দলবদলের প্রবণতা নতুন নয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সম্প্রতি তৃণমূল বিজেপি থেকে এক বিধায়ককে দলে নিয়েছে। এই প্রেক্ষাপটে কল্যাণের এই সরাসরি আবেদন ও মমতার প্রতিক্রিয়া দলের অভ্যন্তরীণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। দলের অনেক নেতা-কর্মী মনে করছেন, এবার দলবদলকারীদের প্রতি কড়া অবস্থান নেওয়া হবে।
এদিকে বিজেপির তরফে পাল্টা তোপ দেগেছেন নেতা সজল ঘোষ। তিনি বলেন, “সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়কে গদ্দার বলেছেন ঠিকই, তবে এবার পাঁচিলে যারা বসে আছে, তারা বিজেপির দিকে ঝাঁপ দিতে পারে। দলের নেতৃত্বকে জানাচ্ছি, তাঁদের দয়া করে দলে নেবেন না। এগুলো বালখিল্যতা। এর কোনও যুক্তি আছে বলে আমি মনে করি না।”
ধরনামঞ্চে মমতা ও কল্যাণের এই বিনিময় দলের ভোট-প্রস্তুতির মধ্যে নতুন মাত্রা যোগ করেছে। তৃণমূলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নতুন মুখকে প্রাধান্য দেওয়ার বার্তা এখন সামনে এসেছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

