AB Live News
বিশ্বকাপে না খেলে আক্ষেপ নেই বাংলাদেশ সরকারের

নিজেদের অবস্থান থেকে এতদিনে সরল বাংলাদেশ সরকার। প্রথমে তারা জানিয়েছিল, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না। সেই সিদ্ধান্তে অনড় থাকায় বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশকে। এবার সেই দায় দেশের ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের উপর চাপাল সরকার। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান খেলতে রাজি হওয়ার পরেই সুর বদলে ফেলল তারা।
গত ২২ জানুয়ারি বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, ‘আমরা আশা করছি, আইসিসি আমাদের শ্রীলঙ্কায় খেলার অনুমতি দেবে। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। আমাদের চিন্তার যথেষ্ট কারণ আছে।’ এই কথা থেকে স্পষ্ট যে, বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের সরকার নিয়েছিল। পরে ক্রিকেট বোর্ডের কর্তা ও ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন নজরুল। সেই বৈঠকের পর ক্রিকেটারদের সূত্রে জানা গিয়েছিল, বাংলাদেশ সরকার আগে থেকেই ঠিক করে নিয়েছিল যে, ভারতে তারা খেলতে যাবে না। ক্রিকেটারদের কাছে অনুমতি চাওয়া হয়নি।
কিন্তু পাকিস্তান ভারতের বিরুদ্ধে বিশবকাপ খেলতে রাজি হওয়ার পর দিন সোজা ১৮০ ডিগ্রি ঘুরে গেল বাংলাদেশ সরকার। নজরুলকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপ হচ্ছে কি? জবাবে নজরুল বলেন, ‘আক্ষেপের কোনও প্রশ্নই নেই। এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররা নিয়েছিল। দেশের ক্রিকেট, সাধারণ মানুষ, দেশের সম্মান রক্ষা করার জন্য স্বার্থত্যাগ করেছে ক্রিকেটাররা।’ আইসিসি জানিয়েছে, বিশ্বকাপে না খেলায় বাংলাদেশকে কোনও শাস্তি দেওয়া হবে না। আইসিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নজরুল বলেন, ‘আইসিসি বলেছে, বাংলাদেশকে কোনও শাস্তি দেওয়া হবে না। পাশাপাশি কয়েক বছরের মধ্যে একটা আইসিসি প্রতিযোগিতা আয়োজনের দায়িত্বও আমাদের দেওয়া হবে। এটা আমাদের কৃতিত্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ।’
নজরুলের সাম্প্রতিক কথা থেকে স্পষ্ট, পুরো বিষয়টির দায় নিতে চাইছে না সরকার। উলটে তা আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডের উপর চাপিয়ে দিয়েছে তারা। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর নিজেদের দেশে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন আমিনুলরা। জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটার সেখানে খেললেও মাঠ ফাঁকা ছিল। দর্শকরা খেলা দেখতে যাননি। বাংলাদেশ ক্রিকেটে এই দৃশ্য বিরল। সেই জন্যই কি সব দায় ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের উপর চাপিয়ে দিলেন নজরুল। প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে!
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

