Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

রাজাপক্ষের মন্তব্যে বিতর্ক, পালটা দিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার

0 10,295

ভারতীয় ক্রিকেটারদের ব্যাট নিয়ে মন্তব্য করে চরম বিপাকে শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপক্ষ। ভারতীয় ক্রিকেটাররা বেআইনি ব্যাট নিয়ে খেলেন বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে নিজের মন্তব্যের ব্যাখ্যাও করেছেন রাজাপক্ষ।

সম্প্রতি তিনি বলেন, ‍‘আমরা যে ব্যাটে খেলি তার থেকে ভারতীয় ক্রিকেটারদের ব্যাট অনেক উন্নত। ওরা অন্য ব্যাটে খেলে। মনে হয়, ওদের ব্যাটের ওপর রবার লাগানো আছে। ভাবা যায় না, এটা কী ভাবে সম্ভব। কী ভাবে এত সুন্দর ব্যাটে ওরা খেলে। ও রকম ব্যাটে বাকি দেশের ক্রিকেটাররা কিনতেই পারবে না।’ রাজাপক্ষের এই মন্তব্যের পর শুরু হয় বিতর্ক। পাকিস্তান ও বাংলাদেশের সমর্থকদের একাংশ রাজাপক্ষের পাশে দাঁড়ান। তাঁদের দাবি, ভারতীয় ক্রিকেটাররা আইসিসির নিয়ম ভেঙে অন্য ধরনের ব্যাট ব্যবহার করেন। সেই কারণেই এতটা সফল তাঁরা। আইসিসি ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

পালটা ভারতীয় সমর্থকরা দাবি করেন, আইসিসির নিয়মে স্পষ্ট লেখা রয়েছে, কী ধরনের ব্যাট নিয়ে ক্রিকেটাররা খেলতে পারবেন। তার দৈর্ঘ, প্রস্থ নির্দিষ্ট। ব্যাট কতটা মোটা হবে তাও ঠিক করা থাকে। সেই নিয়মের বাইরে কোনও ব্যাট নিয়ে খেলা যায় না। ম্যাচের আগে ব্যাট পরীক্ষা করে দেখা হয়। রাজাপক্ষ যে মন্তব্য করেছেন তা ক্রিকেট সম্পর্কে ধারণা থাকা কেউ করবেন না বলেই দাবি করেন তাঁরা।

বিতর্কের মাঝে আবার মুখ খুলেছেন রাজাপক্ষ। তিনি জানিয়েছেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি কোনও অভিযোগ করেননি। রাজাপক্ষ লেখেন, ‍‘একটা বিষয় পরিষ্কার করতে চাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমি যা বলেছি, তার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাতে বিতর্ক বাড়ছে। তাই এই পোস্ট করতে হচ্ছে।’ রাজাপক্ষ জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করতে গিয়েই ব্যাট নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। শ্রীলঙ্কার ক্রিকেটার বলেন, ‍‘আমি ভারতীয় ক্রিকেট ও ক্রিকেটারদের প্রশংসা করতেই সেই কথা বলেছিলাম। বোঝাতে চেয়েছিলাম, ওদের পরিকাঠামো কতটা উন্নত। ব্যাট তৈরির কারখানাগুলো বিশ্বের সেরাদের মধ্যে পড়ে। সেই ব্যাটের সেরা ব্যবহার ওরা করে। সম্পূর্ণ সম্মান থেকেই ওই কথা আমি বলেছিলাম। কিন্তু আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে। আমি কাউকে অসম্মান করতে চাইনি। ভারতীয় ক্রিকেটকে আমি সম্মান করি।’

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বা আইসিসি কোনও মন্তব্য করেনি। ক্রিকেটে বল বিকৃতির অভিযোগ অনেক পুরোনো। তবে ব্যাট নিয়ে এখনও পর্যন্ত তেমন বিতর্ক হয়নি। আইসিসি ব্যাটের আকারের নিয়ম ঠিক করে দিলেও ব্যাটের মান সম্পর্কে কোনও নিয়ম নেই। যত দিন যাচ্ছে, ব্যাটের মান আরও উন্নত হচ্ছে। প্রাক্তন ক্রিকেটাররাও ধারাভাষ্য করতে গিয়ে মাঝেমধ্যে ব্যাটের মান নিয়ে মজা করেন। সেই ব্যাট নিয়েই বিতর্ক তৈরি হয়ে গেল বিশ্বকাপে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper