Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মুখে অস্ত্রোপচার স্টোকসের, সফল হয়েছে: জানালেন নিজেই

0 5,723

দল এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ব্যস্ত। কিন্তু ইংল্যান্ড দলের অন্যতম সেরা অলরাউন্ডারে অস্ত্রোপচার হল মুখে। গত সপ্তাহে অনুশীলন করতে গিয়ে মুখে বল লেগেছিল তাঁর। গুরুতর আহত হয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হল বেন স্টোকসকে।

অস্ত্রোপচারের পর নিজের ছবি সমাজমাধ্যমে দিয়েছেন স্টোকস। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে তিনি। ডান চোখ বন্ধ। চোখের নীচে হয়তো সেলাই পড়েছে। ক্যাপশনে স্টোকস লেখেন, ‍‘দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু অস্ত্রোপচার সফল হয়েছে।’ তিনি বুঝিয়েছেন, সফল অস্ত্রোপচারের পর আবার ধীরে ধীরে ক্রিকেটে ফিরবেন তিনি। গত সপ্তাহে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন স্টোকস। সেখানে দেখা গিয়েছিল, তাঁর চোখে কালশিটে পড়েছে। নাক ভেঙেছে। গাল ও ঠোঁট ফেটেছে। নাকে একটি তুলো গোঁজা রয়েছে স্টোকসের। আঘাত পেলেও তা নিয়ে মজা করেন স্টোকস। ছবিতে তাঁর হাতের ইশারা দেখে বোঝা যাচ্ছিল, যন্ত্রণা সামলে নিয়েছেন। ক্যাপশনে স্টোকস লেখেন, ‍‘অনুশীলন করতে গিয়ে এই হাল। আপনাদের ক্রিকেট বলটার অবস্থা দেখা উচিত ছিল।’ একটি হাসির ইমোজিও দেন তিনি। অর্থাৎ, স্টোকস বোঝাতে চান, বলের আঘাতে তিনি যতটা আহত হয়েছেন, তার চেয়েও খারাপ অবস্থা সেই বলটির। সমাজমাধ্যমে সকলে স্টোকসের এই মনের জোরের প্রশংসা করেন। তাঁর দ্রুত আরোগ্যেরও কামনা করেন সকলে।

জানা গিয়েছে, অনুশীলনে ব্যাট বা বল করতে গিয়ে চোট পাননি স্টোকস। তিনি নেটের পাশে দাঁড়িয়েছিলেন। তখনই একটি বল তাঁর মুখে লাগে। তাতে আহত হন তিনি। অবশেষে অস্ত্রোপচার করাতে হল ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ককে।

এখন ইংল্যান্ডের হয়ে খেলা নেই স্টোকসের। তিনি বর্তমানে জাতীয় দলের হয়ে শুধু টেস্ট খেলেন। সাদা বলের ফরম্যাট খেলেন না। ইংল্যান্ড আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে এসেছে। জুন মাসে আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার কথা স্টোকসের। মাঝে অনেক দিন বিশ্রাম থাকায় হয়তো নিজেকে অনুশীলনের মধ্যে রাখতে চেয়েছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। আর সেটা করতে গিয়েই চোট পান তিনি।

গত দু’মাস সময়টা ভালো যায়নি স্টোকসের। অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ১-৪ হেরেছে ইংল্যান্ড। কোনও রকমে চুনকাম হওয়ার হাত থেকে বেঁচেছেন স্টোকসরা। ইংল্যান্ডের খেলার সমালোচনা হয়েছে দেশের অন্দরেই। সিরিজের মাঝে সমুদ্রসৈকতে গিয়ে স্টোকসদের মদ্যপানের খবর নিয়ে বিতর্কও হয়েছে। সেই ঘটনার তদন্ত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে তদন্তের পর স্টোকসদের দোষ খুঁজে পাওয়া যায়নি। ফলে শাস্তিও পাননি তাঁরা।

সমালোচনা হয়েছে স্টোকসের অধিনায়কত্ব নিয়েও। কারণ, অ্যাশেজের আগে দেশের মাটিতে অনভিজ্ঞ ভারতীয় দলকেও টেস্ট সিরিজে হারাতে পারেনি ইংল্যান্ড। সেই সিরিজ ড্র হয়েছে। ফলে ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাদের খেলার সম্ভাবনা প্রায় নেই। পর পর চার বার ব্যর্থ ইংল্যান্ড। এর দায় নিতে হচ্ছে স্টোকসকে। খেলা শেষে তাঁর হারের ব্যাখ্যা নিয়েও সমালোচনা হয়েছে। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জেমস অ্যান্ডারসন স্টোকসের শরীরী ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন দেখার, কত তাড়াতাড়ি চোট সারিয়ে উঠতে পারেন স্টোকস।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper