Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

আদালতের নির্দেশে ফের থমকে পুরভোটের প্রস্তুতি

0 55,205

শ্রীতমা ব্যানার্জী :কলকাতার পুরভোট ঘিরে আইনি জটিলতা আরও গভীর হল। আপাতত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অপেক্ষায় থাকতে হবে কলকাতাবাসীকে। ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় নতুন মোড় এনে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রস্তাব, কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে চলা মামলাটি এবার ডিভিশন বেঞ্চে পাঠানো হোক। সেই বেঞ্চের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কলকাতা পুরসভার নির্বাচন স্থগিতই থাকবে। ফলে পুরভোট নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা এখনই কাটার কোনও লক্ষণ নেই।বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটি ওঠে। রাজ্য সরকারের তরফে হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। শুনানিতে শীর্ষ আদালত জানায়, আপাতত হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশ স্থগিত রেখে ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মূল বিতর্কটি ডিভিশন বেঞ্চে নতুন করে বিবেচনার জন্য পাঠানো যেতে পারে। তবে সেই বেঞ্চের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পুরভোটের প্রক্রিয়া এগোবে না। অর্থাৎ, আদালতের এই প্রস্তাবের ফলে এখনই নির্বাচনের রাস্তা খুলছে না। বিতর্কের সূত্রপাত কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা এবং সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে। আগে কলকাতা পুরসভায় ওয়ার্ডের সংখ্যা ছিল ১৪৪। রাজ্য সরকারের গত ১১ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে সেই সংখ্যা বাড়িয়ে ২০৯ করার উদ্যোগ নেওয়া হয়। নতুন ওয়ার্ড বিন্যাসের বৈধতা নিয়েই আদালতের দ্বারস্থ হন সিপিএম নেতা তথা প্রাক্তন কাউন্সিলর দীপু দাস।মামলাকারীর অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে প্রকৃত জনসংখ্যার পরিবর্তে ভোটার তালিকাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও অভিযোগ ওঠে। পাশাপাশি, নির্বাচিত পুরবোর্ডের অস্তিত্ব না থাকা অবস্থায় প্রশাসক বা পুর কমিশনারের সুপারিশের ভিত্তিতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়।গত ৬ নভেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশোধিত ওয়ার্ড বিন্যাসের ভিত্তিতে পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা যাবে না। সেই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। কলকাতা পুরসভার তরফেও পৃথক আবেদন জমা পড়ে।সোমবারের শুনানিতেও পুরসভার নির্বাচিত বোর্ড না থাকা অবস্থায় ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ কীভাবে করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত। রাজ্যের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রক্রিয়ার পক্ষে সওয়াল করেন। কিন্তু আইনি ক্ষমতা এবং সুপারিশের বৈধতা নিয়ে আদালতের প্রশ্ন থেকেই যায়।এ দিনের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রস্তাব অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর ফের মামলাটির শুনানি হওয়ার কথা। ফলে আপাতত কলকাতার পুরভোটের ভবিষ্যৎ নির্ভর করছে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তের উপর।রাজনৈতিক তরজার বাইরে এই মামলার সঙ্গে জড়িয়ে রয়েছে কলকাতার নাগরিক পরিষেবার ভবিষ্যৎও। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া পুরসভার প্রশাসনিক কাজকর্ম কতদিন চলবে, নতুন ওয়ার্ড বিন্যাসেই বা ভোট হবে কি না, সেই প্রশ্নগুলির উত্তর এখনও অধরা। আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে কলকাতার রাজনৈতিক মহল থেকে সাধারণ নাগরিকরা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper