Khabor Ekhon
ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে পা! মুহূর্তে পুকুরে গাড়ি, মর্মান্তিক মৃত্যু!
শ্রীতমা ব্যানার্জী :কেষ্টপুরে গাড়ি চালানো শেখার সময় ভয়াবহ দুর্ঘটনা। গ্যারাজ থেকে গাড়ি বের করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সটান পুকুরে পড়ে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম সুমিত্রা দাস। তিনি কেষ্টপুরের প্রফুল্ল কানন পশ্চিম এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, সম্প্রতি সুমিত্রার স্বামী একটি নতুন চারচাকা গাড়ি কিনেছিলেন। সেই গাড়ি চালানোই শিখছিলেন সুমিত্রা। বুধবার সকালে মেয়েকে স্কুলে দিয়ে আসার পর ফের গাড়ি চালানোর অনুশীলন করতে বেরিয়েছিলেন তিনি। গ্যারাজ থেকে গাড়ি বের করার সময়ই ঘটে বিপত্তি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ব্রেকের বদলে ভুল করে অ্যাক্সিলারেটরে পা পড়ে যায়। মুহূর্তের মধ্যে গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়। গাড়িটি জলের মধ্যে বেশ কিছুটা দূরে চলে যায়।
ঘটনা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। কয়েকজন প্রতিবেশী পুকুরে নেমে মহিলাকে উদ্ধারের চেষ্টা করেন। গাড়ির পিছনের দরজা খুলে সুমিত্রাও বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু শেষপর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর গাড়ি থেকে মহিলাকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ আগস্ট সুমিত্রার ড্রাইভিং পরীক্ষা দেওয়ার কথা ছিল। সেই কারণে নিয়মিত গাড়ি চালানোর অনুশীলন করছিলেন তিনি। তার মধ্যেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

