Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মাঝরাতে বাড়ি ফিরেও থাকতে পারলেন না! বিক্ষোভের মুখে সিতাই ছাড়লেন তৃণমূলের ‘বিদ্রোহী’ সাংসদ- বিধায়ক দম্পতি

0 4,371,954

শ্রীতমা ব্যানার্জী : প্রায় তিন মাস পর সোমবার গভীর রাতে কোচবিহারের সিতাইয়ের বাড়িতে ফিরেছিলেন এনসিপিআই সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া ও তাঁর স্ত্রী, তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায়। কিন্তু বাড়ি ফেরার খবর ছড়িয়ে পড়তেই তাঁদের বাড়ির সামনে জড়ো হন একদল স্থানীয় বাসিন্দা। শুরু হয় স্লোগান-বিক্ষোভ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই পুলিশি নিরাপত্তায় রাতেই এলাকা ছাড়তে হয় সাংসদ ও বিধায়ককে।

সোমবার রাত প্রায় ১২টা নাগাদ পুলিশি নিরাপত্তায় সিতাই বাজার এলাকার বাড়িতে ফেরেন জগদীশচন্দ্র বসুনিয়া ও সঙ্গীতা রায়। তাঁদের ফিরে আসার খবর ছড়িয়ে পড়তেই বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়দের একাংশ। কোনও রাজনৈতিক দলের পতাকা ছাড়াই শুরু হয় স্লোগান ও বিক্ষোভ।

খবর পেয়ে সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা বাড়ানো হলেও পাল্লা দিয়ে বাড়তে থাকে বিক্ষোভকারীদের সংখ্যাও। পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় রাত প্রায় ২টো নাগাদ পুলিশি নিরাপত্তায় সিতাই ছাড়েন সাংসদ-বিধায়ক দম্পতি। তাঁরা কোচবিহার শহরের দিকে রওনা দেন।

ঘটনা প্রসঙ্গে ফোনে জগদীশচন্দ্র বসুনিয়া জানান, জরুরি কিছু নথি সংগ্রহ করা এবং এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতেই রাতে বাড়ি ফিরেছিলেন তিনি। তাঁর কথায়, বাড়িতে থাকলে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারত। সিতাইয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই তিনি সেদিন রাতেই এলাকা ছেড়ে চলে যান।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায়কে নিজের বিধানসভা এলাকায় দেখা যায়নি বলে দাবি। অন্যদিকে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে কোচবিহার থেকে জয়ী জগদীশচন্দ্র বসুনিয়াও দীর্ঘ সময় দিল্লিতে ছিলেন।

নির্বাচনে তৃণমূলের বিপর্যয়ের পর বসুনিয়া-সহ ২০ জন তৃণমূল সাংসদ এনসিপিআই-তে যোগ দিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সঙ্গে হাত মেলান। সঙ্গীতা রায়ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনা নিয়ে বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, কারও ব্যক্তিগত গতিবিধি সম্পর্কে তাঁদের কাছে কোনও তথ্য নেই। দলীয় কর্মীদের এই ধরনের বিক্ষোভ থেকে বিরত থাকার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্থানীয় ক্ষুব্ধ মানুষজন নিজেরা কিছু করলে তার দায় দলের নয় বলেই দাবি তাঁর।

মাঝরাতে বাড়ি ফিরেও বিক্ষোভের মুখে রাতেই এলাকা ছাড়তে হওয়ায় সিতাইয়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper