Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মাত্র ১.৮৭ লক্ষ টাকা, ছয় বন্ধু আর এক অসম্ভব স্বপ্ন—সেখান থেকেই HCL-এর ৫০ বছরের সাম্রাজ্য!

0 328,766

রিচা সেন : ১৯৭৬ সাল। ভারতে কম্পিউটার তখনও সাধারণ মানুষের কাছে প্রায় ভবিষ্যতের কোনও প্রযুক্তির মতো। সেই সময় ছয় তরুণ মিলে একটি স্বপ্ন দেখেছিলেন—ভারতীয় প্রযুক্তি সংস্থা তৈরি করার। হাতে ছিল না বড় অফিস, না ছিল কোনও ভেঞ্চার ক্যাপিটালিস্টের অর্থ। ছিল শুধু সাহস, স্বপ্ন আর ঝুঁকি নেওয়ার মানসিকতা।

 এইচ সি এল -এর সহ-প্রতিষ্ঠাতা অজয় চৌধুরী সম্প্রতি সমাজমাধ্যমে সেই শুরুর দিনের কথা তুলে ধরেছেন। তাঁর দাবি, ছয় বন্ধু মিলে জোগাড় করেছিলেন মাত্র ১.৮৭ লক্ষ টাকা। কেউ সঞ্চয় দিয়েছিলেন, কেউ ধার করেছিলেন, আবার তাঁদের মধ্যে একজন নিজের গাড়িও বিক্রি করেছিলেন।

চৌধুরীর কথায়, তাঁদের প্রথম অফিস ছিল দিল্লির গোলফ লিঙ্কসের একটি ছোট্ট ‘বারসাতি’। তখনও তাঁদের তৈরি প্রথম কম্পিউটার বাস্তবে তৈরি হয়নি। ছিল একটি ব্রোশিওর, একটি মক-আপ এবং কাগজে-কলমে তৈরি করা পরিকল্পনা। সেই অবস্থাতেই তাঁরা বাজারে গিয়ে নিজেদের কম্পিউটার বিক্রির চেষ্টা শুরু করেন।

প্রথম সাফল্য আসে আইআইটি খড়গপুর এবং আইআইটি মাদ্রাজ থেকে। কিন্তু ব্যবসায়িক সংস্থাগুলিকে রাজি করানো ছিল আরও বড় চ্যালেঞ্জ।

কোয়েম্বাটোরে তাঁদের প্রতিদ্বন্দ্বী ছিল সেই সময়ের অনেক বড় ও প্রতিষ্ঠিত সংস্থা ডিসিএম ডিপি । চৌধুরী স্মৃতিচারণ করে জানান, তাঁরা একটি সংস্থার রিসেপশনে বসে অপেক্ষা করছিলেন, যখন ডি সি এম -এর দল তাঁদের প্রেজেন্টেশন দিচ্ছিল। ডি সি এম -এর পরেই তাঁরা নিজেদের প্রস্তাব দেন—এবং শেষ পর্যন্ত সেই অর্ডারটি পেয়ে যান।

চৌধুরীর মতে, সেই একটি অর্ডার থেকেই পরপর আরও পাঁচটি, তারপর দশটি অর্ডার আসে। ধীরে ধীরে তৈরি হতে থাকে এইচ সি এল -এর ভিত। আজ পাঁচ দশক পরে এইচ সি এল একটি বৃহৎ প্রযুক্তি সংস্থা হিসেবে পরিচিত। কিন্তু তার শুরুটা ছিল সম্পূর্ণ অন্যরকম—অনিশ্চয়তা, প্রত্যাখ্যান, দীর্ঘ পরিশ্রম, সাহসী বিক্রির প্রচেষ্টা এবং একের পর এক গ্রাহক জেতার গল্প।

 এইচ সি এল -এর ৫০ বছর পূর্তির সময়ে অজয় চৌধুরীর সেই স্মৃতিচারণ ভারতের প্রযুক্তি শিল্পের শুরুর দিনগুলির একটি গুরুত্বপূর্ণ ছবি তুলে ধরেছে। তাঁর বার্তাও স্পষ্ট—বড় স্বপ্ন দেখতে হবে, ঝুঁকি নিতে হবে এবং নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তাঁর ভাষায়, “ড্রিম বিগ . টেক দা রিস্ক . এন্ড এবোভ অল , জাস্ট এস্পায়ার .”

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper