Khabor Ekhon
ভোটে ভরাডুবির পর ভাঙনের মুখে তৃণমূল?”দলীয় বিদ্রোহে চাপে মমতা
সিদ্ধার্থ চট্টোপাধ্যায় : রাজ্যে ক্ষমতা হারানোর পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে প্রবল অস্থিরতা। একের পর এক নেতা, কাউন্সিলর, প্রাক্তন বিধায়ক ও সাংসদ প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, দীর্ঘদিনের অপ্রতিরোধ্য সংগঠন এখন কার্যত ভাঙনের মুখে দাঁড়িয়ে।
সবচেয়ে বড় প্রশ্ন উঠছে দলের সর্বোচ্চ নেতৃত্বকে ঘিরে। সমালোচকদের দাবি, ভোটে বিপর্যয়ের পরেও বাস্তব পরিস্থিতি মেনে নিতে চাইছেন না মমতা ব্যানার্জী । বরং এখনও ভোটে কারচুপির অভিযোগ তুলে পরাজয়ের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন তিনি।
অবসরপ্রাপ্ত IAS অফিসার ও প্রাক্তন তৃণমূল সাংসদ বিক্রম সরকার কড়া ভাষায় বলেন,
“ওর পার্টির মধ্যে ওই একজন, আর সবাই চাকর-বাকর।”
অন্যদিকে, একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত প্রাক্তন বিধায়ক সোনালী গুহ আরও তীব্র আক্রমণ শানিয়ে বলেন,
“মমতাদি আপাদমস্তক একটা দুর্নীতিগ্রস্ত লোক, দুর্নীতিগ্রস্ত মহিলা।”
দলের মধ্যেই যে অসন্তোষ বাড়ছে, তার ইঙ্গিত মিলেছে সাংসদ কাকলি ঘোষ দোস্তিদার -এর মন্তব্যেও। তিনি বলেন,
“কোনও একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে।”
ভোটের ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের গণইস্তফার খবর সামনে আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংগঠনের ভিতরে দীর্ঘদিনের ক্ষোভ এখন প্রকাশ্যে বিস্ফোরিত হচ্ছে।
এদিকে, দলের পরাজয়ের পরও নিজের অবস্থানে অনড় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বহু আসনে “জেতার জায়গায় হার” দেখানো হয়েছে। তিনি বলেন,
“এই পাশাটাই উল্টেছে প্রায় ১৫০ সিটে, নাহলে আমরা ২২০-২৩০টা সিট পেতাম।”
এই মন্তব্যকে কেন্দ্র করে বিরোধীদের কটাক্ষও তীব্র হয়েছে। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন,
“শোকপ্রকাশ করে কোনও লাভ নেই। আপনি হেরেছেন। এখন ছবি আঁকুন, কবিতা লিখুন।”
তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, শুধুমাত্র বিরোধীদের আক্রমণ নয়, দলের ভেতরের ক্ষোভই এখন তৃণমূলের সবচেয়ে বড় সংকট। কারণ, যাঁরা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন, তাঁরাই এখন প্রকাশ্যে নেতৃত্বের সমালোচনা করছেন।
একইসঙ্গে নতুন সরকারের কিছু পদক্ষেপের প্রশংসাও শোনা যাচ্ছে বিরোধী শিবিরের ভেতর থেকে। তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দোপাধ্যায় মন্তব্য করেছেন,
“বিরোধী দলের MLA-দের বৈঠকে ডাকা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর পদক্ষেপ।”
সব মিলিয়ে প্রশ্ন উঠছে—রাজনৈতিকভাবে বড় ধাক্কার পর কি এবার সাংগঠনিক ভাঙনের দিকেই এগোচ্ছে তৃণমূল কংগ্রেস? নাকি এই সংকট কাটিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারবে দল? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সেই জল্পনাই তুঙ্গে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

