Khabor Ekhon
স্ত্রী আথিয়াকে জন্মদিনের শুভেচ্ছায় আবেগঘন বার্তা কেএল রাহুলের, ‘তুমিই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ’
শুভজিৎ বসু : ক্রিকেটের বাইশ গজে ব্যাট হাতে যতটা আত্মবিশ্বাসী, ব্যক্তিগত জীবনে ততটাই আবেগপ্রবণ কেএল রাহুল। স্ত্রী আথিয়া শেট্টির জন্মদিনে ভালোবাসায় মোড়া এক বিশেষ বার্তা দিয়ে ফের অনুরাগীদের মন জয় করলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।৫ নভেম্বর ছিল বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টির ৩৪তম জন্মদিন। বিশেষ দিনে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেন রাহুল। কোনও ছবিতে দু’জনের চোখে চোখ রেখে ভালোবাসার মুহূর্ত, আবার কোনও ছবিতে একান্তে ধরা দিয়েছেন আথিয়া। ছবির সঙ্গে রাহুলের লেখা কয়েকটি শব্দই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাহুল লেখেন, ‘শুভ জন্মদিন, প্রিয়তমা। তুমি আমার হৃদয় ভালোবাসায় ভরিয়ে দাও, আমার জীবনকে অর্থবহ করে তুলেছ। তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তোমাকে ভালোবাসি।’ ক্রিকেটারের এই আবেগঘন বার্তা মুহূর্তে নজর কেড়েছে অনুরাগীদের।শুধু স্বামী নন, বাবার কাছ থেকেও বিশেষ ভালোবাসা পেয়েছেন আথিয়া। অভিনেতা সুনীল শেট্টি মেয়ের ছোটবেলার একাধিক ছবি ভাগ করে আবেগঘন বার্তায় জানিয়েছেন, বয়স যতই বাড়ুক, বাবার চোখে আথিয়া চিরকাল সেই ছোট্ট মেয়েটিই থেকে যাবেন। মেয়েকে নিজের মতো করে সংসার ও জীবন গড়ে তুলতে দেখার আনন্দও প্রকাশ করেছেন তিনি।উল্লেখ্য, ২০২৩ সালের ২৩ জানুয়ারি মহারাষ্ট্রের খান্ডালায় সুনীল শেট্টির ফার্মহাউসে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন কেএল রাহুল ও আথিয়া। ২০২৫ সালের মার্চ মাসে তাঁদের পরিবারে আসে কন্যাসন্তান ইভারা।ব্যস্ত ক্রিকেট সূচি, মাঠের চাপ আর পেশাদার জীবনের নানা ওঠাপড়ার মাঝেও রাহুলের এই বার্তা বুঝিয়ে দিল, বাইশ গজের বাইরেও তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ভালোবাসার মানুষদের সান্নিধ্য।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

