Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

হাসপাতালের দরজায় ঠাঁই হল না, শেষমেশ হাসপাতাল চত্বরের আশ্রয়কেন্দ্রেই সন্তানের জন্ম আদিবাসী মহিলার

0 33,301

সুমিত ঘোষ (মালদা):চিকিৎসার আশায় হাসপাতালের দরজায় এসেছিলেন অন্তঃসত্ত্বা মহিলা। সঙ্গে ছিল প্রসব যন্ত্রণা। কিন্তু অভিযোগ, হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি তাঁকে। শেষ পর্যন্ত হাসপাতাল চত্বরেরই একটি আশ্রয়কেন্দ্রে বিনা চিকিৎসায় সন্তানের জন্ম দিতে হল এক আদিবাসী মহিলাকে। সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে ফের উঠল গুরুতর প্রশ্ন।ঘটনাটি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। মহিলার নাম শ্রাবন্তী টুডু। বৃহস্পতিবার গভীর রাতে, আনুমানিক আড়াইটে নাগাদ হাসপাতালের চত্বরে থাকা আত্মীয়দের জন্য নির্দিষ্ট ‘রাত্রি নিবাস’-এর দোতলায় নয়, প্রথম তলাতেই সন্তানের জন্ম দেন তিনি। সেই সময় তাঁর পাশে ছিলেন আশ্রয়কেন্দ্রে থাকা কয়েকজন মহিলা। চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর উপস্থিতি ছাড়াই তাঁদের সহযোগিতায় প্রসব হয় বলে জানা গিয়েছে।পরিবারের অভিযোগ, প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় শ্রাবন্তীকে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছিল। কিন্তু তাঁকে ভর্তি না করে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। সেই ইঞ্জেকশনও বাইরে থেকে কিনতে হয়েছিল বলে অভিযোগ পরিবারের। এরপর চিকিৎসকদের তরফে জানানো হয়, যন্ত্রণা না বাড়লে তাঁকে ভর্তি নেওয়া সম্ভব নয়। এমনকী, বাড়ি ফিরে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল বলে দাবি।কিন্তু সেই অবস্থায় অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে বাড়ি ফেরার ঝুঁকি নিতে পারেননি পরিবারের সদস্যরা। অসহায় অবস্থায় প্রথমে হাসপাতালের করিডরে আশ্রয় নেন তাঁরা। পরে মানবিকতার খাতিরে রাত্রি নিবাসের দায়িত্বে থাকা কর্মী তাঁদের সেখানে থাকার অনুমতি দেন। আর সেখানেই ঘটে যায় চরম বিপত্তি। গভীর রাতে প্রসব যন্ত্রণা বাড়লে আশ্রয়কেন্দ্রেই সন্তানের জন্ম দেন শ্রাবন্তী।পরিবারের আরও অভিযোগ, সন্তান জন্মের পর চিকিৎসার জন্য সাহায্য চেয়েও সঙ্গে সঙ্গে সাড়া মেলেনি। পরে বিষয়টি জানাজানি হলে মা ও সদ্যোজাতকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার গণেশচন্দ্র গাইন জানিয়েছেন, অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও উল্লেখ করেছেন হাসপাতাল সুপার।অন্যদিকে, ইংরেজবাজারের বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিজেপি মুখ্যসচেতক অম্লান ভাদুড়ি এই ঘটনাকে অমানবিক ও মর্মান্তিক বলে আখ্যা দিয়েছেন। তাঁর দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।জানা গিয়েছে, গাজোল ব্লকের রানিডাঙা গ্রামের বাসিন্দা শ্রাবন্তী টুডু ও তাঁর স্বামী সমীরণ ভূঁইমালি। পেশায় পরিযায়ী শ্রমিক সমীরণ। উন্নত চিকিৎসার আশায় গ্রাম থেকে মালদা মেডিক্যাল কলেজে এসেছিলেন তাঁরা। কিন্তু যে হাসপাতাল নিরাপদ প্রসবের আশ্রয় হওয়ার কথা, সেখানেই কেন এক প্রসূতিকে শেষ পর্যন্ত আশ্রয়কেন্দ্রে সন্তান জন্ম দিতে হল, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে।একদিকে নিরাপদ মাতৃত্ব ও প্রাতিষ্ঠানিক প্রসব নিয়ে সরকারি প্রচার, অন্যদিকে হাসপাতাল চত্বরেই চিকিৎসা ছাড়া প্রসবের এমন অভিযোগ। এই ঘটনায় শুধু তদন্ত নয়, সরকারি হাসপাতালের দায়িত্ববোধ ও প্রসূতি পরিষেবার বাস্তব চিত্র নিয়েও জবাবদিহি দাবি করছে পরিস্থিতি।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper