Khabor Ekhon
মাত্র ১৫ বছরেই ইতিহাস, যুব অলিম্পিকে ব্যাডমিন্টনে রুপো জিতে নজির তন্বী পাত্রীর
সঞ্জয় মিত্র : বয়স মাত্র ১৫। কিন্তু লড়াইয়ের মঞ্চে পরিণত খেলোয়াড়ের মতোই পরিচয় দিলেন ভারতের তরুণী শাটলার তন্বী পাত্রি। যুব অলিম্পিকের মঞ্চে ব্যাডমিন্টনের মহিলা সিঙ্গলসে রুপোর পদক জিতে ইতিহাস গড়লেন ওড়িশার এই প্রতিভাবান খেলোয়াড়। যুব অলিম্পিকের ব্যাডমিন্টন সিঙ্গলসে রুপো জয়ী প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে নিজের নাম তুলে রাখলেন ইতিহাসের পাতায়।সেনেগালের দাকারে বৃহস্পতিবার চিনের ঝাং ই শিনের বিরুদ্ধে সোনার লড়াইয়ে নেমেছিলেন তন্বী। ম্যাচের শুরু থেকেই দুই প্রতিযোগীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। প্রথম গেমে দুরন্ত ছন্দে থাকা তন্বী ২১-১৫ ব্যবধানে জয় তুলে নেন। কিন্তু দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান চিনের প্রতিপক্ষ। ২১-১৩ ব্যবধানে গেম জিতে ম্যাচে সমতা ফেরান ঝাং।এরপর শুরু হয় আসল লড়াই। নির্ণায়ক গেমে একসময় ১০-১৯ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন ভারতীয় শাটলার। পরিস্থিতি কার্যত চিনের খেলোয়াড়ের দিকে ঝুঁকে গিয়েছিল। কিন্তু হাল ছাড়েননি তন্বী। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে একের পর এক পয়েন্ট তুলে ম্যাচে ফেরেন তিনি। প্রতিপক্ষের একাধিক ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে নিজেও সোনা জয়ের তিনটি সুযোগ তৈরি করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। শেষ পর্যন্ত ২৬-২৪ ব্যবধানে নির্ণায়ক গেম জিতে নেন ঝাং। ৮২ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে ১৫-২১, ২১-১৩, ২৬-২৪ ব্যবধানে জয়ী হন চিনের শাটলার।সোনা হাতছাড়া হলেও তন্বীর এই লড়াই ভারতীয় ক্রীড়াক্ষেত্রে নিঃসন্দেহে এক স্মরণীয় অধ্যায়। যুব অলিম্পিকে মহিলা সিঙ্গলসে প্রথম ভারতীয় হিসেবে ফাইনালে ওঠার পর এবার প্রথম রুপো জয়ের নজিরও গড়লেন তিনি।এর আগে যুব অলিম্পিকের ব্যাডমিন্টন সিঙ্গলসে ভারতের হয়ে পদক জিতেছিলেন এইচ এস প্রণয় এবং লক্ষ্য সেন। ২০১০ সালে প্রণয় এবং ২০১৮ সালে লক্ষ্য সেন রুপো জিতেছিলেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন তন্বী। তবে মহিলা সিঙ্গলসে তাঁর এই সাফল্য ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসে একেবারেই নতুন মাইলফলক।ওড়িশার এই কিশোরী এর আগেও বয়সভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। অনূর্ধ্ব-১৫ এশীয় চ্যাম্পিয়নশিপে ২০২৪ সালে এবং অনূর্ধ্ব-১৭ এশীয় প্রতিযোগিতায় সাফল্য তাঁর ঝুলিতে রয়েছে।দাকারে সোনা জিততে না পারলেও তন্বী বুঝিয়ে দিলেন, ভারতীয় মহিলা ব্যাডমিন্টনের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল। মাত্র ১৫ বছর বয়সে বিশ্বমঞ্চে এমন লড়াই, এমন প্রত্যয় এবং এমন সাফল্য আগামী দিনের জন্য বড় আশার আলো।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

