AB Live News
আগুনে পুড়ল বাড়ি, ধোঁয়ায় অসুস্থ গায়ক,বিপদে তালাত আজিজ
ইন্দ্রানী ঘোষ : মুম্বইয়ের জুহুতে প্রবীণ গজলশিল্পী তালাত আজিজের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার গভীর রাতে পাঁচতলা আবাসনের গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন তালাত আজিজ, তাঁর স্ত্রী-সহ পরিবারের সদস্যরা। গায়ক-সহ মোট পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকলকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।জানা গিয়েছে, রাত প্রায় ১০টা ৫৬ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে জানা যাচ্ছে। আগুনে বাড়ির বৈদ্যুতিক তার, সোফা, এসি-সহ বেশ কিছু সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।তালাত আজিজ জানিয়েছেন, আগুন লাগার সময় তিনি নিচের ঘরে ছিলেন, আর তাঁর স্ত্রী উপরে ছিলেন। ঘন ধোঁয়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। স্ত্রীকে শেষ পর্যন্ত বাথরুমের জানলা দিয়ে প্রতিবেশীর সাহায্যে নিরাপদে বের করে আনা হয়। ঘটনায় বাড়ির বহু মূল্যবান জিনিস ক্ষতিগ্রস্ত হলেও পরিবারের সকলের প্রাণে বেঁচে যাওয়াতেই স্বস্তি গায়ক ও তাঁর পরিবারের।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

