Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

গঙ্গাসাগরে নীতীন নবীন, সঙ্গমে ডুব, কপিল মুনির আশ্রমে পুজো, বঙ্গ সফরে নতুন বার্তা

0 328,990

শ্রীতমা ব্যানার্জী:: বঙ্গ সফরের দ্বিতীয় দিনে গঙ্গাসাগরের পুণ্যভূমিতে পা রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। সোমবার সকালে হেলিকপ্টারে কলকাতা থেকে গঙ্গাসাগরে পৌঁছে গঙ্গা ও সাগরের মিলনস্থলে স্নান করেন তিনি। এরপর পুজো দেন কপিল মুনির আশ্রমে।দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে সাংগঠনিক বৈঠক ও দলীয় কর্মসূচির পাশাপাশি গঙ্গাসাগর সফর ছিল নীতীন নবীনের কর্মসূচির অন্যতম উল্লেখযোগ্য অংশ। সকাল প্রায় ১০টা নাগাদ গঙ্গাসাগরে পৌঁছন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সঙ্গে ছিলেন দলের দক্ষিণ ২৪ পরগনা জেলার নেতারাও। গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে দাঁড়িয়ে পুজো-অর্চনা এবং স্নানের পর কপিল মুনির আশ্রমে যান নীতীন। ধর্মীয় আবহে তাঁর এই সফর ঘিরে স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক রদবদলের পর এই প্রথম রাজ্যে সফরে এসেছেন নীতীন নবীন। রবিবার কলকাতায় একাধিক সাংগঠনিক বৈঠকে রাজ্য নেতৃত্ব, সাংসদ, বিধায়ক এবং দলীয় পদাধিকারীদের সঙ্গে আলোচনা করেন তিনি। সংগঠন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বজায় রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার উপর জোর দেওয়ার কথাও উঠে আসে সেই বৈঠকগুলিতে।গঙ্গাসাগর থেকে এদিন তাঁর যাওয়ার কথা উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। সেখানে ‘আঙ্গন কা মিলন’ কর্মসূচিতে অংশ নেওয়ার পর কলকাতায় যুব সংলাপের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতির। রাজনীতির ব্যস্ত কর্মসূচির মাঝেও গঙ্গাসাগরের সঙ্গমে কিছুটা অন্য আবহে দেখা গেল নীতীন নবীনকে। একদিকে দলের সাংগঠনিক সমীকরণ, অন্যদিকে বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থভূমিতে ধর্মীয় আচার, দু’য়ের মেলবন্ধনেই সম্পন্ন হল তাঁর বঙ্গ সফরের দ্বিতীয় দিনের সূচনা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper