Khabor Ekhon
চার বছরের সম্পর্কের পর বিশ্বাসঘাতকতা, নৈহাটিতে কোটি টাকার চুরির অভিযোগ
শ্রীতমা ব্যানার্জী :: বিশ্বাসের সম্পর্কই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল! অসুস্থ অবসরপ্রাপ্ত রেলকর্মী ও তাঁর বোনের দেখভালের দায়িত্বে ছিলেন এক পরিচারিকা। দিনের পর দিন পরিবারের সদস্যের মতোই তাঁকে বিশ্বাস করেছিলেন তাঁরা। ব্যাঙ্কের লেনদেন থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজন—বাড়ির বহু গুরুত্বপূর্ণ দায়িত্বই ছিল তাঁর হাতে। অভিযোগ, সেই সুযোগকেই কাজে লাগিয়ে তাঁদের সারা জীবনের সঞ্চয় এবং সোনার গয়না আত্মসাৎ করা হয়েছে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার নৈহাটি স্টেশন সংলগ্ন রেলওয়ে কোয়ার্টার এলাকার। অভিযোগকারী প্রাক্তন রেলকর্মী বিশ্বনাথ চক্রবর্তী এবং তাঁর বোন শিখা চক্রবর্তী দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করেন। দু’জনেই শারীরিকভাবে অসুস্থ এবং চলাফেরায় সমস্যার কারণে তাঁদের দৈনন্দিন কাজকর্মের জন্য অন্যের উপর নির্ভর করতে হয়। এই পরিস্থিতিতেই প্রায় চার বছর আগে তাঁদের বাড়িতে পরিচারিকার কাজ শুরু করেন কাঁচরাপাড়ার বাসিন্দা বর্ণালী মৃধা। ধীরে ধীরে পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি। অসুস্থ দাদা-বোনের ব্যাঙ্ক সংক্রান্ত কাজকর্মও তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।অভিযোগকারীর দাবি, বিশ্বাসের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরানো হয়েছে। শুধু নগদ অর্থ নয়, বাড়িতে রাখা সোনার গয়নাতেও হাত পড়েছে বলে অভিযোগ। সব মিলিয়ে আত্মসাৎ করা অর্থ ও সম্পত্তির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে অভিযোগে দাবি করা হয়েছে।পরিবারের অভিযোগ, এই ঘটনায় একা বর্ণালী নন, তাঁর স্বামী শম্ভু মৃধা এবং ছেলে দীপাঞ্জন মৃধারও যোগ থাকতে পারে। তাঁদের পরিকল্পনাতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন রেলকর্মী।ঘটনার পর নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর অভিযুক্ত পরিচারিকাকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, ব্যাঙ্কের লেনদেনের মাধ্যমে ঠিক কত টাকা সরানো হয়েছে এবং গয়নার হদিস কোথায়—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।একসময় যাঁকে পরিবারেরই একজন বলে মনে করেছিলেন অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা, তাঁর বিরুদ্ধেই উঠল বিশ্বাসভঙ্গ করে সর্বস্ব আত্মসাতের অভিযোগ। এখন তদন্তের অগ্রগতির দিকেই নজর নৈহাটির এই ঘটনায়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

