Khabor Ekhon
২৮-৩০ সেপ্টেম্বর ধর্মঘট, তার আগে রবিবার খোলা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক
রাজনন্দিনী ঘোষ :: প্রস্তাবিত দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের আবহে গ্রাহকদের পরিষেবা সচল রাখতে বিশেষ পদক্ষেপের কথা জানাল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। আগামী ২৭ সেপ্টেম্বর, রবিবার, দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক স্বাভাবিকভাবে খোলা থাকবে।

অর্থ মন্ত্রকের তরফে ২৩ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স, ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর তিন দিনের দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। তার আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর সপ্তাহান্তের ছুটি থাকায় টানা কয়েক দিন ব্যাঙ্কিং পরিষেবায় প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে ২৭ সেপ্টেম্বর রবিবার ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রক জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ২৭ সেপ্টেম্বর সমস্ত ব্যাঙ্ক শাখা, অফিস, এটিএম লিংক ব্রাঞ্চ এবং কারেন্সি চেস্ট চালু রাখার অনুমোদন দিয়েছে। ফলে ওই দিন সংশ্লিষ্ট ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে।মন্ত্রকের বক্তব্য, গ্রাহকদের প্রয়োজনীয় ব্যাঙ্কিং পরিষেবা যাতে দীর্ঘ সময় ধরে ব্যাহত না হয়, সে কারণেই এই ব্যবস্থা। একইসঙ্গে সরকার ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ ইউনিয়নগুলিকে প্রস্তাবিত ধর্মঘট পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

