Khabor Ekhon
ছাত্র বিক্ষোভের জেরে পদত্যাগ সুরেন্দ্রনাথ ল’ কলেজের ভাইস-প্রিন্সিপালের, ‘চাপে পড়েই ইস্তফা’ দাবি
শ্রীতমা ব্যানার্জী : কম উপস্থিতি থাকা সত্ত্বেও পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে কি না—এই ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত সুরেন্দ্রনাথ ল’ কলেজ। বৃহস্পতিবার রাত থেকে তৈরি হওয়া টানাপোড়েনের মধ্যেই শুক্রবার পদত্যাগ করলেন কলেজের ভাইস-প্রিন্সিপাল মোহাম্মদি তরণ্নুম। তবে তাঁর দাবি, স্বেচ্ছায় নয়, চাপের মুখেই পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে তাঁকে। ঘটনার সূত্রপাত ছাত্রদের দীর্ঘদিনের একাধিক অভিযোগকে ঘিরে। তাঁদের অভিযোগ, উপস্থিতির হিসাব থেকে শুরু করে কলেজের বিভিন্ন প্রশাসনিক বিষয়ে গাফিলতি রয়েছে। নিয়মিত ক্লাস করার পরেও অনেক পড়ুয়ার নাম ঠিকভাবে অ্যাটেনডেন্স রেজিস্টারে নথিভুক্ত করা হয় না বলেও অভিযোগ ছাত্রদের। সমস্যা নিয়ে ভাইস-প্রিন্সিপালের দ্বারস্থ হয়েও সমাধান মেলেনি বলে দাবি তাঁদের। অভিযোগ আরও, নির্ধারিত সময়ে কলেজে না আসার কারণেও সমস্যায় পড়তে হয়েছে পড়ুয়াদের। ছাত্রদের দাবি, এই ধরনের গাফিলতির জেরে কলেজের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়েছে এবং পড়াশোনার পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি চরমে ওঠে বৃহস্পতিবার। ছাত্ররা ভাইস-প্রিন্সিপালকে রাতভর কলেজ চত্বরে আটকে রাখেন বলে অভিযোগ। তাঁকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলতে থাকে। এমনকি ওই সময়ে তাঁকে একটি ঘরে আটকে রাখা এবং খাবার-পানীয় না দেওয়ারও অভিযোগ উঠেছে।শেষ পর্যন্ত শুক্রবার দুপুরে পদত্যাগ করেন মোহাম্মদি তরণ্নুম। প্রায় দশ বছর ধরে তিনি সুরেন্দ্রনাথ ল’ কলেজের ভাইস-প্রিন্সিপাল পদে ছিলেন। পদত্যাগের পর তাঁর দাবি, পরিস্থিতির চাপে পড়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।তবে তাঁর এই বক্তব্য মানতে নারাজ পড়ুয়াদের একাংশ। ভাইস-প্রিন্সিপাল স্বেচ্ছায় পদত্যাগ করেছেন—এমন দাবি করে একটি ভিডিয়োও তাঁরা সামনে আনেন। এরপর ফের কলেজ চত্বরে উত্তেজনা তৈরি হয়। একদিকে ছাত্রদের একের পর এক অভিযোগ, অন্যদিকে পদত্যাগ ঘিরে পাল্টা দাবি—সব মিলিয়ে সুরেন্দ্রনাথ ল’ কলেজের পরিস্থিতি এখন যথেষ্ট উত্তপ্ত। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে গড়ায়, সেদিকেই নজর পড়ুয়া ও শিক্ষা মহলের।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

