Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পচা মাছ-মাংসের গন্ধ ছাপিয়ে প্রশ্ন একটাই,বাঙালির খাবার কি এবার ভোটের রাজনীতির অস্ত্র?

0 651,127

শ্রীতমা ব্যানার্জী :পুজোর আগে খাবারের মান নিয়ে রাজ্যজুড়ে প্রশাসনের কড়া নজরদারি। কলকাতা থেকে জেলার একের পর এক রেস্তোরাঁয় হানা দিয়ে উদ্ধার হচ্ছে পচা মাছ-মাংস, বাসি ও নষ্ট খাবার। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১৬১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। অভিযানের দ্বিতীয় দিনে নষ্ট করা হয়েছে প্রায় ৫২০ কেজি খাবার।কিন্তু প্রশাসনের এই অভিযান ঘিরে শুধু খাবারের গন্ধই নয়, উঠছে রাজনীতির গন্ধও। রেস্তোরাঁ থেকে পচা মাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শাসকদল ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। তৃণমূলের অভিযোগ, ধারাবাহিক অভিযানের মাধ্যমে বাঙালির স্বাভাবিক আমিষ খাদ্যাভ্যাসকে ঘিরে ভয় ও বিরূপ ধারণা তৈরি করার চেষ্টা চলছে। একই সুর শোনা গিয়েছে সিপিএমের একাংশের বক্তব্যেও।এরই মধ্যে দুর্গাপুজোর সময় বাঙালির আমিষ খাওয়া নিয়ে ধর্মগুরু ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্যও বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। ফলে একদিকে খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশাসনের অভিযান, অন্যদিকে আমিষ-নিরামিষ বিতর্ক—দুইয়ের মাঝখানে উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি।বিজেপি অবশ্য তৃণমূলের অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছে। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের বক্তব্য, খাবারে অনিয়ম থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা হতেই পারে, কিন্তু প্রতিটি বিষয়েই রাজনীতির রং লাগানো হচ্ছে।সব মিলিয়ে প্রশ্নটা এখন শুধু খাবার কতটা নিরাপদ, তা নয়। প্রশ্ন উঠছে—বাঙালির পাতে থাকা মাছ-মাংসও কি এবার রাজনীতির ময়দানে নতুন বিতর্কের উপকরণ হয়ে উঠছে? পুজোর আগে প্রশাসনের হানা খাদ্য নিরাপত্তার জন্য জরুরি, কিন্তু সেই অভিযানের ছায়া যখন খাদ্যাভ্যাসের রাজনীতিতে এসে পড়ে, তখন রান্নাঘরের চৌকাঠ পেরিয়ে বিতর্ক পৌঁছে যায় সরাসরি রাজপথে। 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper