AB Live News
দুর্গাপুজোর আগে ‘আমিষ’ নিয়ে যুদ্ধ! বাগেশ্বরকে পাল্টা সুকান্তের ইলিশ-বার্তা
শ্রীতমা ব্যানার্জী :দুর্গাপুজোর আগে বাঙালির খাদ্যাভ্যাস ঘিরে বাগেশ্বর বাবার মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। দুর্গাপুজোর প্যান্ডেলের আশপাশে আমিষ রান্না ও খাওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের প্রধান সন্ত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। তাঁর সেই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।বাগেশ্বর বাবার বক্তব্যের পর তৃণমূল ও সিপিএমের পক্ষ থেকে বিজেপি, আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে। বিরোধীদের দাবি, বাঙালির চিরাচরিত খাদ্যাভ্যাসকে ঘিরে একটি নির্দিষ্ট রাজনৈতিক ‘ন্যারেটিভ’ তৈরি করা হচ্ছে। রেস্তোরাঁয় প্রশাসনিক অভিযান নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে সরাসরি পাল্টা জবাব দিয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, আমিষ খাওয়া নিয়ে বিজেপির কোনও আপত্তি নেই। বরং খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়েই প্রশাসনের অভিযান হওয়া উচিত বলে দাবি তাঁর। সুকান্তের কথায়, “আমরা আমিষ খাব, ১০০ শতাংশ খাব। আমি আজ দু’পিস ইলিশ মাছ খেয়ে এসেছি।” একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, আমিষ খাওয়ার নামে কি পচা বা মৃত পশুর মাংস খাওয়া হবে? তাঁর বক্তব্য, অভিযান হলে তা হওয়া উচিত নিরাপদ ও তাজা খাবার নিশ্চিত করার জন্য।অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, রেস্তোরাঁয় অভিযানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের উপর চাপ তৈরি করা হতে পারে। দলের মুখপাত্র অনির্বাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমানও বাগেশ্বর বাবার মন্তব্য এবং রেস্তোরাঁয় অভিযানের মধ্যে যোগসূত্রের অভিযোগ তুলেছেন।তবে বিজেপি সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য পাল্টা তৃণমূলের বিরুদ্ধে টাকা ও তোলাবাজির রাজনীতির অভিযোগ এনেছেন। ফলে দুর্গাপুজোর আগে বাঙালির খাবারের পাতে কী থাকবে,এই প্রশ্ন ছাপিয়ে বিতর্ক এখন ক্রমেই রাজনৈতিক ময়দানে আরও উত্তপ্ত হয়ে উঠছে। একদিকে ধর্মগুরুর খাদ্যসংক্রান্ত মন্তব্য, অন্যদিকে বাঙালির ঐতিহ্য ও ব্যক্তিগত খাদ্যপছন্দ—দুইয়ের সংঘাতেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক তরজা। আর সেই বিতর্কের মাঝেই সুকান্ত মজুমদারের ‘দু’পিস ইলিশ’ মন্তব্য যে নতুন করে রাজনৈতিক আলোচনার খোরাক জুগিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

