AB Live News
ইডেনে মোদির পুজো উদ্বোধন, ক্রিকেটে কোপ! সরতে পারে বাংলা-দিল্লি রঞ্জি ম্যাচ
সঞ্জয় মিত্র : দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ার আগেই কলকাতার ক্রিকেটমহলে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। ১০ অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা করার ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা।এই হাই-প্রোফাইল অনুষ্ঠানের প্রস্তুতিকে কেন্দ্র করেই ইডেন গার্ডেন্স দীর্ঘ সময়ের জন্য নেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে যুব কল্যাণ ও ক্রীড়া দফতরকে চিঠি দিয়ে ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইডেন ব্যবহারের ব্যবস্থা করতে বলা হয়েছে। এরপরই সামনে এসেছে ক্রিকেট সূচি ঘিরে জটিলতা।কারণ, ঘোষিত সূচি অনুযায়ী ১১ অক্টোবর ইডেনেই বাংলা ও দিল্লির মধ্যে রঞ্জি ট্রফির ম্যাচ হওয়ার কথা। কিন্তু তার ঠিক আগের দিন স্টেডিয়ামে এত বড় আয়োজন হলে ম্যাচ আয়োজন কার্যত অসম্ভব হয়ে পড়বে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা, মঞ্চ তৈরি, সাজসজ্জা এবং অনুষ্ঠান শেষে স্টেডিয়ামকে ফের ম্যাচ আয়োজনের উপযোগী করে তুলতে সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।এই পরিস্থিতিতে ম্যাচের সম্ভাব্য বিকল্প ভেন্যু হিসেবে উঠে এসেছে কল্যাণী। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিষয়টি জানিয়ে রেখেছে সিএবি। সিএবি সচিব বাবলু কোলে জানিয়েছেন, কল্যাণীর মাঠও রঞ্জি ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত রাখা হচ্ছে। ফলে বাংলা বনাম দিল্লি ম্যাচের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনাই এখন প্রবল।অর্থাৎ, একদিকে ইডেনে হবে রাজ্যের প্রথম দুর্গাপুজোর বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান, অন্যদিকে সেই আয়োজনের প্রভাব পড়তে চলেছে ঘরোয়া ক্রিকেটের সূচিতে। মহালয়ার আগেই তাই ইডেন ঘিরে রাজনীতি, প্রশাসন এবং ক্রিকেট—তিন ক্ষেত্রেই বাড়ছে ব্যস্ততা। দুর্গাপুজোর আবহে এবার ইডেন শুধু ক্রিকেটের জন্য নয়, হয়ে উঠতে চলেছে এক বৃহৎ সাংস্কৃতিক ও প্রশাসনিক আয়োজনের কেন্দ্রবিন্দু। আর তার জেরেই কলকাতার ঐতিহাসিক ক্রিকেট মাঠ থেকে সরে গিয়ে কল্যাণীতে গড়াতে পারে বাংলা-দিল্লির রঞ্জি লড়াই।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

