AB Live News
মেসি দেখতে গিয়ে বিশৃঙ্খলা, এবার ৩৩ হাজার দর্শকের পকেটে ফিরবে টিকিটের টাকা
সঞ্জয় মিত্র : জাতীয় ক্রীড়া দিবসের মঞ্চে ফের সামনে এল কলকাতার সেই বহুচর্চিত মেসি-কাণ্ড। যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে দেখতে গিয়ে যে ৩৩ হাজার ক্রীড়াপ্রেমী চরম বিশৃঙ্খলার মুখে পড়েছিলেন, তাঁদের টিকিটের টাকা ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী সুজেন্দু অধিকারী।নবান্নে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মেসির বিপুল জনপ্রিয়তার কথা মাথায় রেখে ৪ হাজার ও ৬ হাজার টাকা দিয়ে টিকিট কেনা দর্শকদের অর্থ ফেরত দেওয়াই তাঁর ইচ্ছা। সেই প্রক্রিয়া অভ্যন্তরীণভাবে ইতিমধ্যেই শুরু হয়েছে বলেও দাবি তাঁর। গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে দর্শকদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। বহু দর্শক অভিযোগ করেছিলেন, বিপুল টাকা দিয়ে টিকিট কেনার পরেও তাঁরা প্রত্যাশিতভাবে অনুষ্ঠান উপভোগ করতে পারেননি। ঘটনার পর থেকেই টিকিটের টাকা ফেরতের দাবি জোরালো হয়েছিল। এবার সেই দাবিরই প্রতিফলন দেখা গেল মুখ্যমন্ত্রীর বক্তব্যে। একই সঙ্গে রাজ্যের ক্রীড়াক্ষেত্রকে রাজনীতির প্রভাবমুক্ত করে পরিকাঠামোগত বদলের বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্রীড়াক্ষেত্র অবহেলিত হয়েছে। বহু প্রতিভাবান খেলোয়াড়ের নিয়োগ সংক্রান্ত নথি বছরের পর বছর মুখ্যমন্ত্রীর দফতরে পড়ে ছিল বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাংলায় প্রতিভার অভাব নেই। রয়েছে মেধা, নিষ্ঠা ও সাফল্যের ক্ষুধা। কিন্তু সেই প্রতিভাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো পরিকাঠামো, উদ্যোগ এবং রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি রয়েছে। এবার সেই ব্যবস্থাতেই আমূল পরিবর্তন আনার লক্ষ্য নেওয়া হয়েছে। ক্রীড়াক্ষেত্রের জন্য আট মাসের মেয়াদে ৪০০ কোটি টাকার বাজেট বরাদ্দের কথাও জানান তিনি। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ধাপে ধাপে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে। সেখানে থাকবে টেনিস ও ব্যাডমিন্টন কোর্টের পাশাপাশি জিমনেশিয়াম। চলতি বছরেই ১০০টি স্টেডিয়াম তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মেসি-কাণ্ডের ক্ষত এখনও পুরোপুরি শুকোয়নি। সেই আবহেই ৩৩ হাজার দর্শকের টাকা ফেরতের আশ্বাস এবং ক্রীড়া পরিকাঠামোয় বড়সড় পরিবর্তনের ঘোষণা—দুই বার্তাই নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এল রাজ্যের ক্রীড়ানীতিকে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

