AB Live News
মুসলিমদের বাদ দিয়ে ‘হিন্দু রাষ্ট্র’ নয়, বার্তা মোহন ভাগবতের
শ্রীতমা ব্যানার্জী :: ‘মুসলিমদের ভারতে জায়গা নেই’—এমন ভাবনা হিন্দুত্বের সঙ্গে যায় না। বরং কোনও হিন্দু যদি মনে করেন, দেশে মুসলিমদের থাকা উচিত নয়, তা হলে তিনি আর হিন্দু থাকবেন না। নিউ ইয়র্কে এক আন্তঃধর্মীয় অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। শনিবার, ২৯ অগস্ট নিউ ইয়র্কে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নেন ভাগবত। সেখানেই ‘হিন্দু রাষ্ট্র’ নিয়ে প্রশ্নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, হিন্দুত্ব এমন কোনও ভারত কল্পনা করে না যেখানে মুসলিমদের জায়গা থাকবে না। তাঁর কথায়, ‘‘কোনও হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিম থাকা উচিত নয়, তা হলে তিনি হিন্দু থাকবেন না।’’ ভাগবত বলেন, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মানুষ এক। ভারতের ঐতিহ্যও ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে আশ্রয় দেওয়ার শিক্ষা দেয় বলে উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে পারস্পরিক সংলাপ ও মানবিকতার প্রসঙ্গও। আরএসএস-এর সামাজিক পরিষেবা কর্মসূচির উদাহরণ দিয়ে ভাগবত দাবি করেন, সংগঠনের স্বেচ্ছাসেবীরা সমাজের সাহায্যে প্রায় ১ লক্ষ ৩০ হাজার পরিষেবা প্রকল্প পরিচালনা করছেন। তাঁর দাবি, এই পরিষেবার ক্ষেত্রে ধর্মের ভিত্তিতে কোনও বিভাজন করা হয় না। হরিয়ানার দাদরির একটি বিমান দুর্ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন আরএসএস প্রধান। তাঁর বক্তব্য অনুযায়ী, মুসলিম-প্রধান দেশ থেকে আসা দুই বিমানের সংঘর্ষের ঘটনায় আরএসএস স্বেচ্ছাসেবীরা প্রথম দিকেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন। যেহেতু যাত্রীদের সকলের মৃত্যু হয়েছিল, তাই মৃতদেহের শেষকৃত্য এবং পরিবারের সদস্যদের মৃতদের শনাক্ত করতে সাহায্য করেছিলেন স্বেচ্ছাসেবীরা।ভাগবতের কথায়, ‘‘তাঁরা মুসলিম—এই ভাবনা নিয়ে আমরা কাজ করি না।’’ তাঁর মতে, সমাজে ‘আমি’ ও ‘আমার’-এর সংকীর্ণতার বদলে ‘আমরা’ ও ‘আমাদের’-এর ভাবনা প্রতিষ্ঠা করাই সমস্যার সমাধানের পথ। ২০১৮ সালের পর মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে আরএসএস -এর সংলাপ আরও বেড়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, সংলাপই প্রথম পদক্ষেপ, আর পরিষেবা তার পরের ধাপ।ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রসঙ্গ টেনে রামকৃষ্ণ পরমহংসের উদাহরণও দেন ভাগবত। তাঁর মতে, বিভিন্ন ধর্মীয় পথ অনুসরণ করেও একই সত্যের সন্ধান পাওয়া সম্ভব। মানবতার ঐক্যের ধারণা ভারতের ঐতিহ্য এবং সংবিধান—দুই জায়গাতেই রয়েছে বলে মন্তব্য করেন তিনি।রাজনীতির মাধ্যমে একা সামাজিক পরিবর্তন সম্ভব নয় বলেও মত প্রকাশ করেন আরএসএস প্রধান। তাঁর বক্তব্য, রাজনীতি বর্তমানে অনেক ক্ষেত্রে স্বার্থের খেলায় পরিণত হয়েছে। তাই পরিবর্তনের সূচনা সমাজ থেকেই করতে হবে—নিঃস্বার্থ সেবা, পারস্পরিক সংলাপ এবং ঐক্যের মধ্য দিয়ে। নিউ ইয়র্কের মঞ্চ থেকে ভাগবতের এই মন্তব্যে হিন্দুত্ব, ধর্মীয় সহাবস্থান এবং ভারতের বহুত্ববাদী চরিত্র নিয়ে ফের জাতীয় স্তরে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

