Khabor Ekhon
যাদবপুরের পর এবার প্রেসিডেন্সি-মেদিনীপুর! ক্যাম্পাসে স্লোগান, হাতাহাতি—ছড়াল সংঘর্ষের আঁচ!
শ্রীতমা ব্যানার্জী :: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সংঘর্ষের রেশ এবার ছড়িয়ে পড়ল রাজ্যের আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে। শুক্রবার সেই আঁচ পৌঁছল কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং মেদিনীপুর কলেজে। দুই জায়গাতেই ছাত্র সংগঠনগুলির পাল্টাপাল্টি অবস্থান ঘিরে উত্তেজনা তৈরি হয়। মেদিনীপুর কলেজে বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের হাতাহাতির অভিযোগ ওঠে। অন্যদিকে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনেও দুই পক্ষের জমায়েত ঘিরে তৈরি হয় চাপা উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশকে নামতে হয়। শুক্রবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের প্রতিবাদে মেদিনীপুর কলেজের একদল বামপন্থী ছাত্র মিছিল বের করেন। অভিযোগ, সেই মিছিলকে কেন্দ্র করে আপত্তি তোলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা, যা অল্প সময়ের মধ্যেই হাতাহাতিতে গড়ায়। ঘটনার ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সমাজমাধ্যমে। বামপন্থী ছাত্রদের অভিযোগ, কলেজে বহিরাগতদের এনে পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছিল। যদিও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পাল্টা দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে কোনও ‘দেশবিরোধী’ কার্যকলাপ হলে তার প্রতিবাদ করা ছাত্রদের দায়িত্ব। এরপর দুপুরে উত্তেজনা ছড়ায় কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও। যাদবপুরের ঘটনার প্রতিবাদ ও সেখানকার ছাত্রদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে কয়েকজন ছাত্র পোস্টার তৈরি করছিলেন। সেই সময় বিশ্ববিদ্যালয়ের ফটকের বাইরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একদল সদস্যকে পতাকা হাতে জড়ো হতে দেখা যায়। পাল্টা বামপন্থী ছাত্ররাও পতাকা নিয়ে ফটকের কাছে জমায়েত করেন। দুই পক্ষের উপস্থিতিতে দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দু’পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা কাছেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের দিকে চলে যান। সেখানেও বামপন্থী ছাত্রদের সঙ্গে তাঁদের তীব্র বচসা হয়। ‘ভারত মাতা কি জয়’ স্লোগান ওঠে। বামপন্থী ছাত্রদের উদ্দেশে কড়া বার্তাও দিতে শোনা যায় তাঁদের। পরিস্থিতি যাতে আর না ছড়ায়, সে জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যা পর্যন্ত গোটা এলাকায় নজরদারি চালায় পুলিশ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রনেতা বিটান ইসলাম বলেন, গণতান্ত্রিকভাবে কোনও ছাত্র সংগঠন তাদের কার্যকলাপ চালালে তাঁদের আপত্তি নেই। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এই ধরনের দাদাগিরি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। তাঁর দাবি, সংঘর্ষে জড়িত প্রায় ৩০ থেকে ৪০ জনেরই যোগ রয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তর কলকাতা শাখার সঙ্গে। এই উত্তেজনার সূত্রপাত অবশ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে ঘিরেই। এক দিন আগে সাধারণ সভাকে কেন্দ্র করে যাদবপুরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে বিপুল সংখ্যক মানুষ বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে পড়েন বলে অভিযোগ। তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। সেখানে বামপন্থী ছাত্র সংগঠনের পতাকা পোড়ানোর ঘটনাও সামনে আসে। রাতভর উত্তেজনার মধ্যে বহু ছাত্রছাত্রী ভবনের ভিতরে আটকে পড়েছিলেন বলে অভিযোগ। যাদবপুরের সেই সংঘর্ষের পর এবার প্রেসিডেন্সি থেকে মেদিনীপুর—একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলির মুখোমুখি অবস্থান নতুন করে প্রশ্ন তুলছে ক্যাম্পাসের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে। পরিস্থিতি যাতে আরও বড় সংঘাতে না গড়ায়, সেদিকেই এখন নজর প্রশাসনের।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

