Khabor Ekhon
স্ত্রীকে ফেরানোর নেশায় ‘নরবলি’! পুকুরে মুণ্ডহীন দেহ, ২০ মিটার দূরে মাটির নীচে কাটা মাথা!
শ্রীতমা ব্যানার্জী :: কখনও কখনও কোনও অপরাধের রহস্য যতটা ভয়ঙ্কর, তার থেকেও বেশি শিউরে ওঠার মতো হয়ে ওঠে সেই অপরাধের নেপথ্যের কারণ। ওড়িশার বালাঙ্গিরে এমনই এক খুনের ঘটনায় তদন্তে নেমে কার্যত স্তম্ভিত পুলিশ। পুকুরের জলে ভেসে উঠেছিল মুণ্ডহীন এক দেহ। শরীরটি উদ্ধার হলেও মাথার কোনও হদিশ ছিল না। স্বাভাবিকভাবেই পুলিশের প্রথম সন্দেহ ছিল—খুনের প্রমাণ লোপাট করতেই কি দেহ থেকে মাথা আলাদা করে কোথাও সরিয়ে দেওয়া হয়েছে? কিন্তু রহস্যের উত্তর মিলল খুব বেশি দূরে নয়। মাত্র ২০ মিটার দূরে।আর সেখানেই অপেক্ষা করছিল এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। পুলিশের দাবি, স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় ‘নরবলি’ দেওয়ার কুসংস্কারে আচ্ছন্ন হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন ৪০ বছরের শত্রুঘ্ন। বালাঙ্গিরের দেওগাঁও থানার অন্তর্গত বাগাদা গ্রামের বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের নাম সন্তোষ খারসেল। বয়স ৪৫ বছর। তিনি জেলার তেপরমুন্ডা গ্রামের বাসিন্দা ছিলেন। গত ১৮ অগস্ট সন্তোষ নিখোঁজ হওয়ার পর তাঁর শ্যালক থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিখোঁজ হওয়ার আগে সন্তোষকে শেষবার শত্রুঘ্নের সঙ্গেই দেখা গিয়েছিল। এরপরই তদন্তের গতিপথ বদলে যায়। পুলিশের দাবি, ১৮ অগস্ট সন্তোষের সঙ্গে দেখা হওয়ার পর তাঁকে নিজের বাড়িতে নিয়ে যায় শত্রুঘ্ন। রাতের অন্ধকারে সেখানে লোহার কাটারি দিয়ে তাঁর উপর হামলা চালানো হয়। অভিযোগ, এরপর সন্তোষের মাথা কেটে দেহটি বাড়ির কাছের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। পুকুরটি সত্যুঘ্নের বাড়ি থেকে মাত্র ২০ মিটার দূরে। পুকুর থেকে যখন মুণ্ডহীন দেহ উদ্ধার হল, তখনও পুলিশ জানত না—খুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটি এত কাছেই লুকিয়ে রয়েছে। শত্রুঘ্নের ঘরের ভিতরে একটি গর্ত খুঁড়ে পুঁতে রাখা হয়েছিল সন্তোষের কাটা মাথা। বৃহস্পতিবার সেই মাথা উদ্ধার করে পুলিশ।এই ঘটনাই তদন্তকারীদের সামনে নতুন প্রশ্ন তুলে দেয়—কেন মাথাটি অন্য কোথাও না সরিয়ে বাড়ির ঘরের মধ্যেই লুকিয়ে রাখা হয়েছিল? তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। বালাঙ্গির পুলিশের দাবি, সম্প্রতি শত্রুঘ্নের মনে একটি কুসংস্কারমূলক বিশ্বাস তৈরি হয়েছিল। তাঁর ধারণা ছিল, মানুষ বলি দিলে নাকি তাঁর বিচ্ছিন্ন হয়ে যাওয়া স্ত্রী আবার তাঁর কাছে ফিরে আসবেন।গত প্রায় ১১ বছর ধরে শত্রুঘ্নের স্ত্রী তাঁর বাপের বাড়িতে থাকেন পটনাগড়ে। তাঁদের দুই সন্তানও তাঁর কাছ থেকে দূরে ছিল। দীর্ঘদিনের এই বিচ্ছিন্নতার মধ্যে ক্রমশ একটি অন্ধবিশ্বাস তাঁকে গ্রাস করেছিল বলে পুলিশের দাবি।পুলিশের বক্তব্য অনুযায়ী, শত্রুঘ্নের এমন একজন মানুষের খোঁজ করছিলেন, যাঁকে বলি দেওয়া যেতে পারে। সেই সময় বাসস্ট্যান্ডে সন্তোষকে দেখতে পান তিনি। এরপরই সন্তোষকে লক্ষ্য করে পরিকল্পনা করা হয় বলে তদন্তকারীদের অনুমান।বালাঙ্গিরের পুলিশ সুপার অভিলাষজী জানিয়েছেন, অভিযুক্তের বাড়ি থেকে খুনে ব্যবহৃত অস্ত্র এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। ফরেন্সিক দল ঘটনাস্থল পরীক্ষা করে রক্তের নমুনাও সংগ্রহ করেছে। বাড়ি থেকে উদ্ধার হওয়া পোশাকে নিহত সন্তোষের রক্তের দাগ পাওয়া গিয়েছে বলে পুলিশের দাবি।পুলিশের হাতে অভিযুক্তের স্বীকারোক্তিও রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। দ্রুত চার্জশিট পেশ করার প্রস্তুতি চলছে। তদন্তকারীদের সন্দেহ আরও ঘনীভূত হয় অভিযুক্তের বাড়ি থেকে পুজোর বিভিন্ন সামগ্রী উদ্ধারের পর। পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে সামনে আসা কয়েকটি নরবলি-কাণ্ডে ব্যবহৃত সামগ্রীর সঙ্গে এই সামগ্রীর মিল রয়েছে।
শুধু তাই নয়, বাড়িতে থাকা পিতলের দেবদেবীর মূর্তি এবং তাঁদের সামনে রাখা ছবিতেও রক্তের নমুনা পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। তদন্তকারীদের অনুমান, কাটা মাথাটি শুধুমাত্র লুকিয়ে রাখা হয়নি—কোনও বিশেষ আচার বা পুজোর উদ্দেশ্যেও সেটি রাখা হয়ে থাকতে পারে।
বালাঙ্গির পুলিশের বক্তব্য, স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য নরবলি দিতে হবে—এই অন্ধবিশ্বাসই শেষ পর্যন্ত শত্রুঘ্নের এই ভয়াবহ অপরাধে ঠেলে দেয় বলে তাঁর স্বীকারোক্তি থেকে জানা গিয়েছে।
তদন্তে আরও জানা যায়, নিহত সন্তোষ মানসিকভাবে খুব একটা সুস্থ অবস্থায় ছিলেন না বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন। পুলিশের অনুমান, সেই কারণেই হয়তো তাঁকে সহজ লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিল অভিযুক্ত। এখনও পর্যন্ত এই ঘটনায় অন্য কারও জড়িত থাকার প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্ত পুরোপুরি শেষ হয়নি।প্রতিবেশীদের কথাতেও উঠে এসেছে শত্রুঘ্নের একাকী জীবনের ছবি। তাঁদের দাবি, খুব একটা কারও সঙ্গে মিশতেন না তিনি। নিজের মধ্যেই থাকতেন। তবে সেই নীরবতার আড়ালে যে এমন ভয়ঙ্কর একটি পরিকল্পনা তৈরি হচ্ছিল, তা ঘুণাক্ষরেও টের পাননি প্রতিবেশীরা। শেষ পর্যন্ত পুকুর থেকে উঠে এল মুণ্ডহীন দেহ, আর মাত্র ২০ মিটার দূরে একটি ঘরের মাটির নীচ থেকে উদ্ধার হল সেই কাটা মাথা। আর সেই মাথার সঙ্গে সামনে এল এক ভয়ঙ্কর বিশ্বাসের গল্প—স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় মানুষ বলি দেওয়ার কুসংস্কার।
অন্ধবিশ্বাস যখন মানুষের বিবেককে গ্রাস করে, তখন তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে—বালাঙ্গিরের এই ঘটনা যেন তারই এক শিউরে ওঠা ছবি।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

