Khabor Ekhon
“ঝাঁপ দেব”—ছেলের শেষ হুমকি, বাঁচাতে গিয়ে বাবার হাত ফসকাল! তারপর মায়েরও মর্মান্তিক পতন
রাজনন্দিনী ঘোষ ::মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার খাভদা পাহাড়ে মর্মান্তিক পরিণতি হল এক পরিবারের। পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন ১৮ বছরের এক যুবক। প্রায় তিন ঘণ্টা ধরে তাঁকে বোঝানোর চেষ্টা করেন পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা এবং পুলিশ। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে ফেরানো গেল না। ঘটনার সূত্রপাত শুক্রবার সকাল ১০টা নাগাদ। দেবলাই এলাকার বাসিন্দা ওই যুবক পাহাড়ের একেবারে কিনারায় গিয়ে দাঁড়ান। বারবার তিনি বলে যাচ্ছিলেন, “আমি ঝাঁপ দেব।” তাঁকে নিরাপদ জায়গায় ফিরে আসার জন্য মা-সহ স্থানীয়রা দীর্ঘক্ষণ বোঝানোর চেষ্টা করেন। তাঁরা তাঁকে ভবিষ্যৎ এবং বাবা-মায়ের কথা ভাবতে বলেন। কিন্তু কোনও কথাতেই তিনি সাড়া দেননি। ঘটনার শেষ ১৫-২০ মিনিটে ছেলেকে বোঝাতে তাঁর বাবা নিজেই পাহাড়ের উপরে উঠে যান। ছেলেকে কিনারা থেকে সরিয়ে আনার চেষ্টা করছিলেন তিনি। আচমকা প্রায় দুপুর ১টা নাগাদ ছেলেকে ধরে ফেলতে গিয়ে দু’জনেই ভারসাম্য হারিয়ে পাহাড় থেকে নীচে পড়ে যান। এরপরই ঘটে আরও হৃদয়বিদারক ঘটনা। চোখের সামনে স্বামী ও ছেলেকে পড়ে যেতে দেখে আতঙ্কে পাহাড়ের কিনারার দিকে এগিয়ে যান মা। মুহূর্তের মধ্যেই তিনিও পাহাড় থেকে পড়ে যান। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।পুরো ঘটনাটি দেখতে পান সেখানে থাকা পর্যটক ও স্থানীয়রা। তাঁদের কয়েকজনের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে সেই ভয়াবহ মুহূর্তগুলিও। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকরাও যুবককে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী সঞ্জয় যাদব জানান, যুবকের বাবা-মা এবং স্থানীয়রা বারবার তাঁকে বোঝানোর চেষ্টা করেছিলেন। তাঁর কথায়, ছেলেটিকে বোঝাতে সবাই যথাসাধ্য চেষ্টা করলেও সে কারও কথা শুনছিল না। মা-ও বারবার ছেলেকে এমন সিদ্ধান্ত না নেওয়ার জন্য অনুরোধ করছিলেন। শেষ পর্যন্ত একটি পরিবারকে ঘিরে দীর্ঘ তিন ঘণ্টার উদ্বেগ পরিণত হল ভয়াবহ ট্র্যাজেডিতে। বাবা ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন, আর তাঁদের পরিণতি দেখে মায়েরও মৃত্যু হল একই ঘটনায়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

