AB Live News
নতুন ইনস্টাগ্রাম পুরনো ক্যামেরা—বদল শুধু লেখায়, আর তাতেই নেটপাড়ায় হাসির রোল!
শ্রীতমা ব্যানার্জী : দশ বছর পর নিজেদের ওয়ার্ডমার্ক লোগোতে বড়সড় পরিবর্তন আনল ইনস্টাগ্রাম । বৃহস্পতিবার নতুন ডিজাইনের এই পরিবর্তনের কথা জানান ইনস্টাগ্রাম -এর প্রধান অ্যাডাম মোসেরি। তাঁর দাবি, নতুন ওয়ার্ডমার্ক আগের তুলনায় আরও “শার্প” ও আধুনিক। তবে নতুন নকশা প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
কী বদলেছে ইনস্টাগ্রাম -এর লোগোয়?
ইনস্টাগ্রাম -এর জনপ্রিয় রঙিন ক্যামেরা আইকনে কোনও পরিবর্তন করা হয়নি। বদল আনা হয়েছে শুধুমাত্র ‘ইনস্টাগ্রাম লেখা ওয়ার্ডমার্ক -এ। পরিচিত স্ক্রিপ্ট ফন্টের কাঠামো বজায় রেখেই অক্ষরগুলিকে নতুন করে আঁকা হয়েছে। ফলে আগের তুলনায় লেখাটি কিছুটা পরিষ্কার, আধুনিক এবং পরিশীলিত দেখাচ্ছে।
ইনস্টাগ্রাম -এর প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, অ্যাপের উপরে থাকা ওয়ার্ডমার্ক -এ গত ১০ বছরে কোনও পরিবর্তন হয়নি। তাই এবার সেটিকে নতুন করে সাজানোর প্রয়োজন ছিল। তাঁর কথায়, নতুন ডিজাইনে ইনস্টাগ্রাম -এর পুরনো পরিচিতির ছাপ যেমন রয়েছে, তেমনই রয়েছে সরলতা ও আধুনিকতার মিশেল। ২০১৬ সালের পর বড় পরিবর্তন
ইনস্টাগ্রাম -এর ভিজ্যুয়াল পরিচয়ে শেষ বড় পরিবর্তন এসেছিল ২০১৬ সালে। সেই সময় পুরনো বাদামি ক্যামেরা-ভিত্তিক লোগো সরিয়ে আনা হয় গোলাপি, বেগুনি ও অন্যান্য রঙের গ্রেডিয়েন্ট-যুক্ত ক্যামেরা আইকন।
সেই আইকনই এখনও ইনস্টাগ্রাম -এর মূল পরিচয়। এবারের পরিবর্তন মূলত সেই লোগোর পাশে বা উপরে ব্যবহৃত ইনস্টাগ্রাম ওয়ার্ডমার্ক -কে ঘিরে।
নতুন লোগো নিয়ে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া
নতুন ওয়ার্ডমার্ক প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। অনেকেই এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, ইনস্টাগ্রাম -এর পরিচিত স্টাইল বজায় রেখেই নতুন ডিজাইনকে আরও আধুনিক করা হয়েছে।
কেউ লিখেছেন, এটি ইনস্টাগ্রাম -এর ভিজ্যুয়াল পরিচয় নষ্ট না করেই করা “দারুণ আধুনিকীকরণ”। আবার কেউ সরাসরি জানিয়েছেন, নতুন ডিজাইন তাঁদের ভালো লেগেছে।
তবে সমালোচনাও কম হয়নি। কয়েকজন ব্যবহারকারীর দাবি, নতুন ওয়ার্ডমার্ক দেখতে অনেকটা এ আই দিয়ে তৈরি ডিজাইনের মতো লাগছে। বিশেষ করে “R” অক্ষরের নতুন আকৃতি নিয়ে শুরু হয়েছে মজার আলোচনা।
কারও কারও চোখে নতুন ডিজাইনে ‘ইনস্টাগ্রাম ’ শব্দটিকে এমনভাবে দেখা যাচ্ছে যে সেটি যেন ‘ইন্সটাগজম ’ লেখা হয়েছে! এই নিয়েই নেটদুনিয়ায় শুরু হয়েছে হাসি-ঠাট্টা। সব মিলিয়ে, ইনস্টাগ্রাম -এর বিখ্যাত ক্যামেরা আইকন অপরিবর্তিত থাকলেও দশ বছর পর ওয়ার্ডমার্ক -এর এই ছোট্ট পরিবর্তনই এখন সোশ্যাল মিডিয়ায় বড় আলোচনার বিষয়। নতুন ডিজাইন ব্যবহারকারীদের কতটা পছন্দ হয়, সেটাই এখন দেখার।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

