AB Live News
আরজি করের ‘দাহ রহস্যে’ নতুন মোড়, নির্মল ঘোষের পর সঞ্জীবও পুলিশের জালে
শ্রীতমা ব্যানার্জী :আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের পর তাঁর দেহ ‘তড়িঘড়ি’ দাহ করার অভিযোগের তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সঞ্জীব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে কলকাতার চিনার পার্ক এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এর আগে বৃহস্পতিবারই এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তথা পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও বিধানসভার প্রাক্তন চিফ হুইপ নির্মল ঘোষকে ওড়িশার একটি গোপন ডেরা থেকে গ্রেফতার করা হয়। তাঁকে ওড়িশা থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। শুক্রবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের একটি জেলা আদালতে নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়কে পেশ করার কথা। দু’জনকেই নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এই মামলায় তৃতীয় অভিযুক্ত পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে এখনও পলাতক। তাঁকে ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
কী অভিযোগ?
২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। আগের রাতে তাঁকে ধর্ষণ ও খুন করা হয়েছিল বলে তদন্তে উঠে আসে। এরপর অভিযোগ ওঠে, মৃত চিকিৎসকের দেহ পানিহাটির একটি শ্মশানে নিয়ে গিয়ে নিয়ম ভেঙে অত্যন্ত দ্রুত দাহ করা হয়েছিল। এমনকী, দ্বিতীয়বার ময়নাতদন্তের সম্ভাবনা নষ্ট করতেই তড়িঘড়ি শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগ, গোটা দাহপ্রক্রিয়ায় নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে-র ভূমিকা ছিল।
নতুন করে তদন্ত
আরজি কর-কাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৮ আগস্ট এক কর্মসূচিতে এই ‘তড়িঘড়ি দাহ’ নিয়ে নতুন করে তদন্তের কথা ঘোষণা করা হয়। এরপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে খড়দহ থানায় নতুন এফআইআর দায়ের করা হয়।মৃত চিকিৎসকের বাবার দায়ের করা নতুন অভিযোগের ভিত্তিতে এফআইআরে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে-র নাম উল্লেখ করা হয়। এফআইআর দায়েরের পর থেকেই তিন অভিযুক্তের খোঁজ চলছিল। শেষ ২৪ ঘণ্টায় নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ায় এখন পুলিশের নজর সোমনাথ দে-র দিকে। আরজি করের মূল ধর্ষণ-খুনের ঘটনার পাশাপাশি মৃতদেহ দ্রুত দাহ করার অভিযোগ ঘিরে এই নতুন তদন্তে আর কী তথ্য সামনে আসে, সেদিকেই এখন নজর।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

