Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মৃতদেহ থেকে আঙুলের ছাপ! বোনদের জমি হাতানোর চেষ্টার অভিযোগ ছেলের বিরুদ্ধে

0 5,489,360

শ্রীতমা ব্যানার্জী : লখনউয়ে সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ এবার চাঞ্চল্যকর মোড় নিল। মৃত বাবার আঙুলের ছাপ সাদা কাগজে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনাটি জুলাই মাসে লখনউয়ের খরাউহা গ্রামে ঘটেছিল বলে জানা গিয়েছে।

মৃত বৃদ্ধের নাম ছত্রপাল। বয়স ৭৫ বছর। পরিবারের দাবি, ছত্রপালকে তাঁর ছেলে মহেন্দ্র ও পুত্রবধূ লক্ষ্মী দীর্ঘদিন ধরে অত্যাচার করতেন। ২০২৩ সালে তাঁকে তাঁর পৈতৃক বাড়ি থেকেও বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর তিনি আত্মীয়দের বাড়িতে থাকতেন।

পরের বছর ছত্রপাল তাঁর তিন মেয়ের সঙ্গে থাকতে শুরু করেন। মেয়েরাই তাঁর এবং তাঁর স্ত্রীর দেখাশোনা করতেন। পরিবারের দাবি, ছত্রপালের মোট প্রায় সাড়ে ৬ বিঘা জমি ছিল। তিনি তিন মেয়ের প্রত্যেককে এক বিঘা করে জমি দিয়ে দেন।

শুধু তাই নয়, ছেলের বিরুদ্ধে সংবাদপত্রে প্রকাশ্য বিজ্ঞপ্তি দিয়ে তাঁকে এবং তাঁর স্ত্রীকে স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করার কথাও ঘোষণা করেছিলেন ছত্রপাল। পরিবারের দাবি, ছেলে ও পুত্রবধূর কথিত দুর্ব্যবহারের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

৭ জুলাই ছত্রপালের শারীরিক অবস্থার অবনতি হলে মেয়ে সুমন তাঁর ভাই মহেন্দ্রকে খবর দেন। এরপর মহেন্দ্র পরিবারের সদস্যদের নিয়ে লখনউয়ে এসে বাবাকে গ্রামে নিয়ে যান। তিনি চিকিৎসার ব্যবস্থা করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু মাত্র দু’দিন পর, ৯ জুলাই ছত্রপালের মৃত্যু হয়।

বাবার মৃত্যুর খবর পেয়ে সুমন ও পরিবারের অন্য সদস্যরা শেষকৃত্যের জন্য গ্রামে পৌঁছন। তাঁদের অভিযোগ, সেখানে মহেন্দ্রর সঙ্গে তাঁদের ফের বিবাদ হয়। এই সময়ই আত্মীয়স্বজন ও গ্রামবাসীরা দেখতে পান, মহেন্দ্র তাঁর মৃত বাবের আঙুলের ছাপ সাদা কাগজে নিচ্ছেন।

সুমনের স্বামী রমেশ জানান, মৃত ব্যক্তির দেহ থেকে এভাবে আঙুলের ছাপ নেওয়ার দৃশ্য দেখে তাঁরা হতবাক হয়ে যান। সাদা কাগজে নেওয়া ওই ছাপ পরে কী কাজে ব্যবহার করা হবে, তা নিয়েও পরিবারের সদস্যদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির আঙুলের ছাপ ব্যবহার করে সম্পত্তি সংক্রান্ত কোনও নথি তৈরি বা পরিবর্তনের চেষ্টা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছে পরিবার।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper