Khabor Ekhon
সতর্কতা ছাড়াই ‘Under Review’! WhatsApp ব্যবহারকারীদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা
রাজনন্দিনী ঘোষ : হঠাৎ করেই বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু WhatsApp ব্যবহারকারীর অ্যাকাউন্টে দেখা যাচ্ছে “Your account is under review” বার্তা। এর জেরে ২৪ ঘণ্টার জন্য সাময়িকভাবে মেসেজ পাঠানো, চ্যাট ব্যবহার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বহু ইউজার। ভারতেও একাধিক ব্যবহারকারী একই সমস্যার মুখোমুখি হয়েছেন।
ব্যবহারকারীদের দাবি, কোনও পূর্ব সতর্কতা বা নিয়ম ভঙ্গের নোটিস ছাড়াই তাঁদের অ্যাকাউন্ট ‘Under Review’-এ পাঠানো হয়েছে। ফলে হঠাৎ করেই ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ ব্যাহত হচ্ছে।
এখনও পর্যন্ত WhatsApp-এর পক্ষ থেকে এই ঘটনায় বিস্তারিত সরকারি ব্যাখ্যা দেওয়া হয়নি। ঠিক কী কারণে একসঙ্গে এত সংখ্যক অ্যাকাউন্ট পর্যালোচনার আওতায় এসেছে, তা স্পষ্ট নয়। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে, এটি স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা, অস্বাভাবিক কার্যকলাপ শনাক্তকরণ অথবা কোনও প্রযুক্তিগত ত্রুটির ফল হতে পারে।
যাঁদের অ্যাকাউন্ট ‘Under Review’-এ রয়েছে, তাঁদের আপাতত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। পর্যালোচনা সম্পূর্ণ হলে অধিকাংশ ক্ষেত্রেই অ্যাকাউন্ট স্বাভাবিকভাবে পুনরায় চালু হয়ে যেতে পারে। তবে নির্ধারিত সময়ের পরেও সমস্যা বজায় থাকলে WhatsApp সাপোর্টের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
এই ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ ছড়িয়েছে। অনেকেই জানতে চাইছেন, তাঁদের অ্যাকাউন্ট নিরাপদ কি না এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কী করা উচিত। যদিও এখনও পর্যন্ত এটি কোনও বড় ধরনের সাইবার হামলার ফল বলে নিশ্চিত হওয়া যায়নি।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

