Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, এআই-কে সঙ্গী করে নজির গড়লেন বাবা-ছেলে

0 2,118,972

রাজনন্দিনী ঘোষ : কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মানুষের সৃজনশীলতাকে কমিয়ে দিচ্ছে— এমন অভিযোগ নতুন নয়। তবে হায়দরাবাদের এক বাবার অভিজ্ঞতা যেন সেই ধারণাকেই নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করাল। ছেলের স্কুলের টেক ফেয়ারের জন্য মাত্র কয়েক দিনের প্রস্তুতিতে এআই-এর সাহায্যে তিনি তৈরি করলেন একটি ভয়েস-কন্ট্রোলড রোবোটিক আর্ম। পুরো অভিজ্ঞতার কথা তিনি সামাজিক মাধ্যম X-এ ভাগ করে নিতেই তা ব্যাপক সাড়া ফেলেছে।

 

ওই ব্যক্তি জানান, গত সপ্তাহে তাঁর ছেলে স্কুল থেকে ফিরে জানায় যে, টেক ফেয়ারের জন্য সে একটি রোবট বানাতে চায়। সময়ের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে তাঁরা সিদ্ধান্ত নেন, সম্পূর্ণ রোবট তৈরি না করে বরং একটি ভয়েস-কন্ট্রোলড রোবোটিক আর্ম তৈরি করবেন। শুরু হয় পরিকল্পনা ও শেখার নতুন যাত্রা।

 

প্রথমে ইউটিউব ঘেঁটে বিভিন্ন ধারণা সংগ্রহ করা হয়। এরপর এআই অ্যাসিস্ট্যান্ট Claude-এর সাহায্যে রোবোটিক আর্মের ৩ডি ডিজাইন তৈরি করা হয়। সেই ডিজাইন হায়দরাবাদের টোলিচৌকির একটি ৩ডি প্রিন্টিং সেন্টারে প্রিন্ট করানো হয় এবং পরে Rapido-র মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

 

এরপর প্রয়োজনীয় মোটর, মাইক্রোচিপ, ক্যাপাসিটর, রেজিস্টর ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশ কিনতে তাঁরা যান হায়দরাবাদের কোটি এলাকায়। সব উপকরণ সংগ্রহের পর শুরু হয় প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।

 

শুধু ডিজাইনেই নয়, কোড লেখা, বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা চিহ্নিত করা, সমাধানের পরামর্শ দেওয়া এবং প্রয়োজনীয় পরিবর্তনের ক্ষেত্রেও Claude গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পরে Claude Opus 5 এবং Fable-এর সহায়তায় একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা ও সংশোধনের পর রোবোটিক আর্মটি সফলভাবে কাজ করতে শুরু করে।

 

সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ওই ব্যক্তি লেখেন, “যখন সবকিছু ঠিকঠাক কাজ করতে শুরু করল, তখনই আমরা সেটি জোড়া লাগানো শুরু করি। আর সত্যিই, পুরো অভিজ্ঞতাটা ছিল দারুণ উপভোগ্য।”

 

তিনি আরও বলেন, একটি সাধারণ স্কুল প্রজেক্ট শেষ পর্যন্ত বাবা-ছেলের একসঙ্গে শেখা, নতুন কিছু তৈরি করা, ব্যর্থ হওয়া, ভুল শুধরে নেওয়া এবং মূল্যবান সময় কাটানোর এক অসাধারণ অভিজ্ঞতায় পরিণত হয়েছে। তাঁর কথায়, “এআই আমাদের হয়ে কাজ করেনি, বরং এমন একটি প্রকল্পে হাত দেওয়ার সাহস দিয়েছে, যা হয়তো অন্যথায় কখনও শুরুই করতাম না।”

 

এই পোস্টটি দ্রুত নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, প্রযুক্তিকে শর্টকাট হিসেবে নয়, শেখার সহযাত্রী হিসেবে ব্যবহার করার এটি একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ। একজন ব্যবহারকারীর কথায়, সবচেয়ে বড় সাফল্য রোবোটিক আর্ম তৈরি নয়, বরং একজন শিশুর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাকে পাশে থেকে শেখানো এবং সেই যাত্রাটিকে আনন্দময় করে তোলা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper