Khabor Ekhon
Meta Subscription Plans: Facebook, Instagram ও WhatsApp ব্যবহারকারীদের জন্য নতুন পেইড পরিষেবা
এতদিন বিনামূল্যে পরিষেবা দেওয়ার পর এবার ধীরে ধীরে পেইড সাবস্ক্রিপশন মডেলের দিকে ঝুঁকছে Meta। মার্ক জুকারবার্গের নেতৃত্বাধীন সংস্থাটি ইতিমধ্যেই Facebook Plus, Instagram Plus এবং WhatsApp Plus-এর মতো প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালু করেছে। এর লক্ষ্য শুধু ব্যবহারকারীদের অতিরিক্ত ফিচার দেওয়া নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-তে বিপুল বিনিয়োগের খরচ সামাল দেওয়া।
ভারতে বর্তমানে WhatsApp Plus-এর মাসিক মূল্য ৯৯ টাকা হলেও প্রথম ছয় মাসের জন্য ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। একইভাবে Facebook Plus এবং Instagram Plus-এর দামও ৯৯ টাকা প্রতি মাস। এছাড়াও উন্নত AI ফিচার এবং বেশি ক্ষমতার জন্য Meta One Plus ও Meta One Premium-এর মতো উচ্চমূল্যের সাবস্ক্রিপশন পরিষেবাও পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
AI-তে বিপুল বিনিয়োগ, তাই নতুন আয়ের পথ খুঁজছে Meta
বিশেষজ্ঞদের মতে, Meta-র এই নতুন পেইড পরিষেবার মূল কারণ তাদের ক্রমবর্ধমান AI ব্যয়। AI দৌড়ে Google ও Microsoft-এর সঙ্গে প্রতিযোগিতা করতে Meta ২০২৬ সালের জন্য প্রায় ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার মূলধনী ব্যয়ের পরিকল্পনা করেছে। এই অর্থ মূলত AI ডেটা সেন্টার, কম্পিউটিং অবকাঠামো এবং উন্নত প্রযুক্তিগত উপাদান তৈরিতে ব্যয় করা হবে।
সম্প্রতি Meta, Scale AI-এর প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ওয়াংকে নিজেদের Superintelligence Lab-এর নেতৃত্ব দেওয়ার জন্য বড় বিনিয়োগ করেছে। পাশাপাশি ভারতে Reliance Industries-এর সঙ্গে গুজরাটের জামনগরে AI ডেটা সেন্টার তৈরির উদ্যোগও নিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপনের ওপর অতিরিক্ত নির্ভরতা Meta-র বড় সমস্যা
কোম্পানির তথ্য অনুযায়ী, গত বছরে Meta-র মোট আয়ের প্রায় ৯৭.৬ শতাংশ এসেছে বিজ্ঞাপন থেকে। অর্থাৎ দুই দশকের বেশি সময় ধরে ব্যবসা পরিচালনার পরও বিজ্ঞাপনের বাইরে বড় কোনও আয়ের উৎস তৈরি করতে পারেনি সংস্থাটি।
প্রযুক্তি বিশ্লেষক ফয়সল কাওসার মতে, AI অবকাঠামোতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য Meta-র একটি নির্ভরযোগ্য আয়ের উৎস প্রয়োজন। তবে সাধারণ ব্যবহারকারীদের কাছে দীর্ঘদিন বিনামূল্যের পরিষেবার জন্য টাকা নেওয়ার সিদ্ধান্ত সহজে গ্রহণযোগ্য নাও হতে পারে।
ব্যবহারকারীরা কি টাকা দিয়ে Meta-এর নতুন পরিষেবা নেবেন?
বর্তমানে WhatsApp Plus, Facebook Plus এবং Instagram Plus-এ প্রোফাইল কাস্টমাইজেশন, অতিরিক্ত চ্যাট পিন, স্টোরি সম্পর্কিত কিছু বিশেষ সুবিধার মতো ফিচার দেওয়া হচ্ছে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই সুবিধাগুলি সাধারণ ব্যবহারকারীদের আকৃষ্ট করার জন্য যথেষ্ট নয় এবং মূলত কনটেন্ট ক্রিয়েটর ও পাওয়ার ইউজারদের লক্ষ্য করেই এই পরিষেবা আনা হয়েছে।
AI বিশেষজ্ঞ শ্রীনিবাস পদ্মনাভুনি মনে করেন, Meta-র এই সাবস্ক্রিপশন পরিকল্পনা আপাতত AI খরচ মেটানোর একটি সাময়িক উপায়, যতক্ষণ না সংস্থা তাদের AI বিনিয়োগ থেকে বড় আকারে লাভ তুলতে সক্ষম হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

