Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

রঙ বদলের রাজনীতি ও কবিতার খোঁচা:গিরগিটি

0 865,356,861

গিরিগিটির থেকেও ভয়ঙ্কর।

বহুরূপী তো রঙ বদলায়

তার রোজগারের পন্থায়

কিন্তু যাদের ভোলবদল

মাত্র কয়েক ঘণ্টায় হয়ে যায়

অন্য চরিত্র বদলের –

নিজেদের আর্থিক লেনদেন

ও স্বার্থপরতার স্বার্থে!

নিজেরা শুধু বিকোচ্ছেন না

বিক্রি করছেন মানুষ ও কর্মীদের আত্মসম্মানকে

কত নেবে চরিত্র বদলাতে?

চরণতলে কত উৎকোচ ধন?

আর কত চাও???

নিজেদের ভোল বদলাতে?

রথের চাকা চলে

তোমাদের চাকাও চলবে।

প্রত্যাঘাত এর নামে

প্রত্যার্পণ – ফল পাবে

ধৈর্য্য ধরো,

শীঘ্রই উত্তর পাবে।।

 

ভোগীদের সম্মান নিকৃষ্ট?

গ্রাসাচ্ছাদন ভাবাবে।

সেদিন বুঝবে বিশ্বাসঘাতকরা

মূল্যহীন অমনুষ্যত্ব।

 

 

 

 

 ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে ঐতিহাসিক পালাবদলের পর থেকেই প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে তীব্র ভাঙন। একের পর এক হেভিওয়েট নেতার গলায় শোনা যাচ্ছে বিদ্রোহের সুর, আবার অনেকেই দলীয় পদ থেকে তড়িঘড়ি ইস্তফা দিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। হারের ধাক্কা সামলে ওঠার আগেই দলের এই চরম বিপর্যয় এবং ঘর বাঁচানোর তাগিদে নেতাদের দলবদলের হিড়িক দেখে এবার অত্যন্ত ক্ষুব্ধ ও মর্মাহত তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কঠিন পরিস্থিতিতে দলীয় নেতাদের এই ভোলবদল এবং বেইমানির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আবারও কলম ধরলেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ‘গিরগিটি’ নামক একটি অত্যন্ত ঝাঁঝালো ও ইঙ্গিতপূর্ণ কবিতা পোস্ট করে দলের বিপদের দিনে পিঠটান দেওয়া সুবিধাবাদী নেতানেত্রীদের তীব্র খোঁচা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই তাঁর এই নতুন কবিতা প্রকাশের পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে এবং রাজ্য রাজনীতির অলিন্দে এখন একটাই প্রশ্ন—নেত্রী কি তবে এই কবিতার মাধ্যমে ঘরের শত্রুদেরই চরম হুঁশিয়ারি দিলেন?

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের অন্দরে যে চরম ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছিল, তা এখন পুরোপুরি প্রকাশ্যে চলে এসেছে। দলের বহু পুরনো এবং বিশ্বস্ত সৈনিকও এখন নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়ছেন। এই দলত্যাগের আবহেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কবিতায় লিখলেন, গিরগিটির থেকেও ভয়ঙ্কর। বহুরূপী তো রঙ বদলায় তার রোজগারের পন্থায়, কিন্তু যাদের ভোলবদল মাত্র কয়েক ঘণ্টায় হয়ে যায় অন্য চরিত্র বদলের—নিজেদের আর্থিক লেনদেন ও স্বার্থপরতার স্বার্থে! নিজেরা শুধু বিকোচ্ছেন না, বিক্রি করছেন মানুষ ও কর্মীদের আত্মসম্মানকে। কত নেবে চরিত্র বদলাতে? চরণতলে কত উৎকোচ ধন? আর কত চাও? নিজেদের ভোল বদলাতে? রথের চাকা চলে তোমাদের চাকাও চলবে। প্রত্যাঘাত এর নামে প্রত্যার্পণ—ফল পাবে, ধৈর্য্য ধরো, শীঘ্রই উত্তর পাবে। ভোগীদের সম্মান নিকৃষ্ট? গ্রাসাচ্ছাদন ভাবাবে। সেদিন বুঝবে বিশ্বাসঘাতকরা মূল্যহীন অমনুষ্যত্ব। নেত্রীর এই প্রতিটি লাইনে লুকিয়ে রয়েছে চরম ক্ষোভ, যন্ত্রণা এবং দলত্যাগীদের প্রতি তীব্র ধিক্কার। বিশেষ করে আর্থিক লেনদেনের স্বার্থে বা নিজেদের পিঠ বাঁচাতে যাঁরা মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আদর্শ বিসর্জন দিয়ে অন্য শিবিরে নাম লেখাচ্ছেন, তাঁদের এই আচরণকে গিরগিটির চেয়েও ভয়ঙ্কর বলে অভিহিত করেছেন তিনি। কর্মীদের আবেগ বিক্রি করে দেওয়ার এই প্রবণতাকে তিনি বিশ্বাসঘাতকতা বলে দেগে দিয়েছেন এবং খুব শীঘ্রই এই বেইমানির ফল পেতে হবে বলেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন।

উল্লেখ্য, গত ৪ মে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই বাংলার রাজনৈতিক মানচিত্র সম্পূর্ণ বদলে যায়। সেদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে যায় যে, রাজ্যে এক ঐতিহাসিক পরিবর্তন ঘটতে চলেছে। গণনা শেষে দেখা যায়, ফলতা বিধানসভা কেন্দ্র মিলিয়ে মোট ২০৮টি আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। অন্যদিকে, গত এক দশকেরও বেশি সময় ধরে রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস কার্যত ধুলিসাৎ হয়ে যায়। তাদের আসন সংখ্যা কমে দাঁড়ায় মাত্র ৮০-তে। এই নজিরবিহীন বিপর্যয়ের পর দলেই যে বড়সড় ভাঙন ধরবে এবং চুনোপুঁটি থেকে শুরু করে বড় বড় নেতারা দল ছাড়তে শুরু করবেন, তা বোধহয় আগেভাগেই আঁচ করতে পেরেছিলেন দূরদর্শী তৃণমূলনেত্রী। সেই কারণেই ভোটের ফল প্রকাশের দিন সাংবাদিক বৈঠকেই তিনি দলবদলের বিষয়ে একটি প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছিলেন।

পরবর্তীকালে পরিস্থিতি আরও জটিল হলে কালীঘাটের নিজস্ব বাসভবনে দলের এক জরুরি বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দলের সমস্ত স্তরের নেতৃত্বের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছিলেন যে, যাঁরা অন্য দলে যাওয়ার বা দলবদল করার ভাবনাচিন্তা করছেন, তাঁরা অনায়াসে চলে যেতে পারেন, দল কাউকে জোর করে আটকে রাখবে না। কিন্তু সেই বৈঠকের পর থেকে দলের ভাঙন আটকানো তো দূরস্ত, বরং পদত্যাগের ঝড় যেন আরও তীব্র আকার ধারণ করেছে। উত্তর থেকে দক্ষিণ—রাজ্যের প্রায় প্রতিটি জেলা থেকেই প্রতিদিন তৃণমূলের একাধিক পদাধিকারী, পঞ্চায়েত ও পুরসভার প্রাক্তন প্রতিনিধিরা ইস্তফা দিচ্ছেন। দলের এই কঠিন ও সঙ্কটজনক সময়ে যখন সমস্ত কর্মীদের একজোট হয়ে লড়াই করার কথা, তখন প্রথম সারির নেতাদের এই স্বার্থপরতা ও পলায়নবৃত্তি মেনে নিতে পারছেন না নেত্রী। আর সেই গভীর রাজনৈতিক ও মানসিক যন্ত্রণা থেকেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘গিরগিটি’ কবিতার জন্ম, সে বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই বলেই মনে করছেন রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকেরা। সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলের একাংশের মতে, এই কবিতার মাধ্যমে তিনি যেমন একদিকে দলত্যাগীদের চরিত্রহীনতার দিকে আঙুল তুলেছেন, তেমনই অন্যদিকে দলের অনুগত ও সাধারণ কর্মীদের এই কঠিন সময়ে ধৈর্য ধরার এবং লড়াই জারি রাখার বার্তা দিয়েছেন। প্রাক্তন শাসকের এই কাব্যিক প্রত্যাঘাত আগামী দিনে বাংলার রাজনীতিতে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper