Khabor Ekhon
ভারতসেরা ইস্টবেঙ্গল, দুইয়ে মোহনবাগান, পিছিয়ে পড়েও নিজেদের ম্যাচে জিতল দুই দলই
২২ বছরের ব্যর্থতা কাটিয়ে ভারতসেরা ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার অঘোষিত ফাইনালের রুপ নিয়েছিল আইএসএল ২০২৫-২৬ মরসুমের দিন। একই দিনে একই সময়ে ভিন্ন স্টেডিয়ামে শুরু হয় ম্যাচ। তবে নজরে ছিল কলকাতার দুই স্টেডিয়াম। একদিকে লিগ শীর্ষে এগিয়ে থেকে কিশোরভারতীতে ইন্টার কাশীর বিপক্ষে নেমেছিল ইস্টবেঙ্গল। অপরদিকে যুবভারতীতে স্পোটিং দিল্লির বিপক্ষে নামে মোহনবাগান। কারণ চ্যাম্পিয়ন হওয়ার পথে ছিল একাধিক কাঁটা ও সমীকরণ। যদিও ২-১ গোলে আইএসএল ট্রফি জিতল মশাল ব্রিগেড।
এদিন শুরু থেকেই অ্যাটাকিং ফুটবল শুরু করে ইস্টবেঙ্গল। ছয় মিনিটে বিপিন সিংয়ের কর্নার থেকে ভাসানো বল পান ইউসেফ এজেজারিকে। তিনি হেড দিয়ে বলটা দেন মিগুয়েল ফিগুয়েরার। ফার্স্ট পোস্টে বলটা পেয়ে ব্যাকভলি করেন ব্রাজিলিয়ান মিডিও। কিন্তু শট জোরাল না হওয়ায় ইন্টার কাশীর গোলকিপারের পায়ে আটকে যায়।
তবে ১৫ মিনিটে এগিয়ে যায় কাশী। ডেভিড হিউমানেস বল বাড়ান আলফ্রেডকে। তিনি পোস্টের সামনে দাঁড়িয়ে চলতি বলে পা ছুঁইয়ে দেন। প্রভসুখন গিল বোঝার আগেই তাঁর মাথার উপর দিয়ে ভলি করে বল ঢুকে যায় গোলপোস্টে।
এরপর বারবার গোলের কাছে পৌঁছে ব্যর্থ হয় লাল-হলুদ শিবিরকে। এর মধ্যে ২৩ মিনিটে বাঁ দিক থেকে বিপিন ক্রস বাড়ান গোলের সামনে দাঁড়ানো এজেজারিকে। তাঁকে শুধু পা ছোঁয়াতে হতো। কিন্তু একেবারে গোলের সামনে গিয়ে বাইরে মারেন তিনি। ম্যাচ শুরুর পর থেকে এটা ছিল অন্যতম সহজ সুযোগ।
তারপরই জোড়া অ্যাটাক করে বসে ইন্টার কাশী। প্রথমে বক্সের ঠিক মাথায় ফের জোরাল শট নেন আলফ্রেড। কোনও রকমে দলের পতন রক্ষা করেন লাল-হলুদের গোলকিপার। তারপর ডানপ্রান্তের আরেকটি আক্রমণও শরীর ছুড়ে অনবদ্য দক্ষতায় বাঁচান গিল। এরই মধ্যে গোল করে ব্যধান দ্বিগুন করার সুযোগ পিএসেছিলেন হাওবাম।কিন্তু তিনি সাইড নেটে বল মারেন।
প্রথমার্ধ শেষের কয়েক মিনিট আগে ইস্টবেঙ্গল আক্রমণ করলেও, বিপক্ষ বল নিয়ে উঠলে চাপে পড়ে লাল হলুদের রক্ষণ ভাগ। কার্যত ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে তারা। সেই লগ্নের শেষ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মহম্মদ রাকিপ। তাঁকে তুলে নিয়ে ডেভিড লালহানসাঙ্গাকে নামান অস্কার ব্রুজো। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল ইন্টার কাশী।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এজেজারির গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। মাঝমাঠ থেকে আনোয়ারের ভাসানো বল ধরতে ইন্টার কাশীর অফসাইড ফাঁদকে বোকা বানান ইউসেফ। তিনি গোলকিপারকে কাটিয়ে দুই ডিফেন্ডারকে সঙ্গে নিয়ে বাঁ পায়ে শট দেন। এক্ষেত্রে বিপক্ষের গোলকিপারের আউটটিংয়ে ভুল ছিল। ফলে বল গিয়ে জড়ায় জালে।
যদিও ৫৯ মিনিটে কর্নার থেকে বল পেয়ে সেকেন্ড পোস্টে শট নেন ইন্টার কাশীর আলফ্রেড। কিন্তু বলটা পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। এরপর ৭১ মিনিটে জোড়া পরিবর্তন করেন অস্কার। আনোয়ারের জায়গায় নামেন সৌভিক চক্রবর্তী ও ইউসেফ এজেজারিকে তুলে নামানো হয় অ্যান্টন সহবার্গকে। তাতেই যেন বদলে যায় দলের রণকৌশল।
তিন মিনিট পর দলকে ২-১ গোলে এগিয়ে দেন মহম্মদ রশিদ। দ্বিতীয় গোলের ক্ষেত্রে বুদ্ধি কাজে লাগাল লাল হলুদ ফুটবলাররা। ডান প্রান্ত থেকে বিপিনের মাপা ক্রস দেখে কাশীর রক্ষণকে ছিড়ে বেরিয়ে যান তিনি। যদিও সেই সময়ে অফসাইডে ছিলেন অ্যান্টন। তবে শরীর ছুড়ে কোনও মতে পা ছুড়ে জালে বল জড়িয়ে দেন রশিদ। যদিও এরপর ইন্টার কাশী গোল করে মরসুমের শেষ ম্যাচে হার বাঁচানোর চেষ্টা করলেও, তেমন লাভ হয়নি। এজেজারি ও রশিদের করা গোলই ম্যাচের ভাগ্য লিখে দেয়। রেফারির শেষ বাঁশি বাঁচতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ইস্টবেঙ্গল ফুটবলার ও সমর্থকরা।
এদিকে, একই অবস্থা মোহনবাগানেরও। আর তাই পয়েন্ট টেবিলেও কোনও পরিবর্তন হল না। স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও, একেবারে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নেয় সবুজ-মেরুন।
ম্যাচের ৬২ মিনিটে পিছিয়ে যায় গঙ্গাপাড়ের ক্লাব। এই গোল শোধ করতে ৮৯ মিনিট পর্যন্ত সময় নেয় সের্জিও লোবেরার শিষ্যরা। মনবীর সিংয়ের গোলে শেষ পর্যন্ত সমতায় ফেরে তারা। এরপর শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে জয় সূচক গোল পায় মেরিনার্স। জেমি ম্যাকলারেন গোল করে দলকে জয় এনে দেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে স্রেফ গোলপার্থক্যে পিছিয়ে রানার্স হতে হল মোহনবাগানকে।
মুম্বই সিটি ও পঞ্জাব ম্যাচে শেষ হাসি হেঁসেছে মুম্বই। ম্যাচ শেষ হয় ২-০ ফলাফলে। গোল করেন হমিংথানমাউইয়া রালতে ও বিক্রম প্রতাপ সিং।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

