Khabor Ekhon
পাঁচ দিনের মাথায় ফের জ্বালানির ধাক্কা, বাড়ল পেট্রল-ডিজেলের দাম — চাপে মধ্যবিত্ত
সিদ্ধার্থ চট্টোপাধ্যায় : মাত্র পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। মঙ্গলবার লিটার প্রতি প্রায় ৯০ পয়সা করে মূল্যবৃদ্ধি হয়েছে দুই জ্বালানিতেই। এর আগে গত শুক্রবারই এক ধাক্কায় ৩ টাকা বাড়ানো হয়েছিল দাম। ফলে নতুন করে চাপ বাড়ল সাধারণ মানুষের পকেটে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে এর প্রভাব পড়ার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে মধ্যবিত্তের মধ্যে।
দেশের চার মহানগরী — নয়াদিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাই-এ ইতিমধ্যেই নতুন দাম কার্যকর হয়েছে।
নয়াদিল্লিতে আগে পেট্রলের দাম ছিল লিটার প্রতি ৯৭ টাকা ৭৭ পয়সা। মঙ্গলবার তা বেড়ে হয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা। ডিজেলের দাম ৯০ টাকা ৬৭ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯১ টাকা ৫৮ পয়সায়।
মুম্বইয়ে পেট্রলের দাম ৯১ পয়সা বেড়ে হয়েছে ১০৭ টাকা ৫৯ পয়সা। ডিজেলের দামও ৯৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ টাকা ৮ পয়সায়।
কলকাতায় পেট্রলের দাম ১০৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১০৯ টাকা ৭০ পয়সা। ডিজেলের নতুন দাম দাঁড়িয়েছে ৯৬ টাকা ৭০ পয়সা।
অন্যদিকে চেন্নাইতে পেট্রলের দাম ৮২ পয়সা বেড়ে হয়েছে ১০৪ টাকা ৪৯ পয়সা। ডিজেলের দাম ৮৬ পয়সা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা ১১ পয়সায়।
জ্বালানির এই লাগাতার মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। পরিবহণ খরচ বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি ও এশিয়ায় বাড়তে থাকা ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়ছে জ্বালানি বাজারে।
এদিকে দেশের মানুষকে ইতিমধ্যেই জ্বালানির ব্যবহার কমানোর বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। ওয়াকিবহল মহলের মতে, আগামী দিনে শুধু পেট্রল-ডিজেল নয়, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা ও রাসায়নিক সারের দামও আরও বাড়তে পারে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

