Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ফলতায় হাইভোল্টেজ প্রচার: আজ দিনভর মেগা রোড শো করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

0 498,763,468

 রাজ্যের মসনদে ঐতিহাসিক পরিবর্তনের পর এবার দক্ষিণ চব্বিশ পরগণার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ফলতা জয়ে মরিয়া বিজেপি। ইতিমধ্যেই রাজ্যের ২০৭টি আসনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়ে প্রথমবার সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। শপথ গ্রহণের পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাখির চোখ এখন ফলতা বিধানসভা কেন্দ্র। কারণ, নির্বাচনের দিন নজিরবিহীন বেনিয়ম এবং কারচুপির অভিযোগে ফলতার গোটা ভোটগ্রহণ প্রক্রিয়াই বাতিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। আগামী ২১ মে অর্থাৎ বৃহস্পতিবার ফলতায় পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই হাইভোল্টেজ পুনর্নির্বাচনের ঠিক আগে, আজ অর্থাৎ প্রচারের শেষ দিনে ফলতায় দলীয় প্রার্থীর সমর্থনে কোমর বেঁধে নামছেন খোদ মুখ্যমন্ত্রী। আজ দিনভর ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে ব্যাপক প্রচার ও ম্যারাথন জনসংযোগ করবেন শুভেন্দু অধিকারী।

প্রশাসন ও দলীয় সূত্রে জানা গিয়েছে, আজ ফলতা বিধানসভার প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে একটি মেগা রোড শো করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সকাল ১১টা নাগাদ তাঁর ফলতায় এসে পৌঁছনোর কথা এবং বিকেল ৪টে পর্যন্ত তিনি ফলতাতেই থাকবেন। এই দীর্ঘ সময়ে রোড শো-এর মাধ্যমে গোটা ফলতা বিধানসভা এলাকার সাধারণ মানুষের ঘরে ঘরে বার্তা পৌঁছে দিতে চান মুখ্যমন্ত্রী। এর আগে গত শনিবারও ফলতায় বিজেপি প্রার্থীর সমর্থনে একটি বিশাল জনসভা করে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকেই ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে চড়া সুরে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সিনেমাটোগ্রাফিক কায়দায় ফলতার তৃণমূল প্রার্থীর উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘কোথায় পুষ্পা? সেই ডাকাতটা কোথায়? ওর দায়িত্ব আমি নিয়ে গেলাম।’ এর পাশাপাশি ফলতার নির্বাচনী বৈতরণী পার করতে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডাকে অন্তত ১ লক্ষ ভোটে জেতানোর জন্য এলাকার ভোটারদের কাছে জোরালো আবেদনও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ প্রচারের শেষ লগ্নে মুখ্যমন্ত্রীর এই মেগা রোড শো ঘিরে ইতিমধ্যেই ফলতা জুড়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং দলীয় কর্মীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে উঠেছে।

উল্লেখ্য, প্রথম দফার ভোটপর্বে ফলতার নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছিল। তৃণমূল প্রার্থী জাহাঙ্গির বনাম উত্তর প্রদেশের দুঁদে আইপিএস অফিসার তথা এই কেন্দ্রের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মার সংঘাতের জেরে ভোটের দিন থেকেই শিরোনামে উঠে এসেছিল ফলতা। নির্বাচনের দিন একাধিক বুথে ইভিএমে বিরোধী বিজেপি প্রার্থীর নামের পাশে এবং প্রতীকের ওপর সেলোটেপ মেরে ঢাকা দিয়ে রাখার মতো নজিরবিহীন ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, বুথ জ্যাম, বিরোধী এজেন্টদের বের করে দেওয়া এবং দেদার ছাপ্পা ভোটের অভিযোগে সরব হয়েছিল বিজেপি নেতৃত্ব। একাধিক বুথে এই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর এবং আইপিএস অজয়পাল শর্মার রিপোর্টের ভিত্তিতে ফলতার নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করার বেনজির সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। আগামী বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় এখানে নতুন করে ভোট নেওয়া হবে এবং আগামী ২৪ মে হবে ভোট গণনা। নতুন সরকার গঠনের পর এই পুনর্নির্বাচন কার্যত শাসকদল বিজেপির কাছে যেমন সম্মানের লড়াই, তেমনই ফলতার মাটি কামড়ে পড়ে থাকা তৃণমূলের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই। আর সেই কারণেই আজ প্রচারের শেষ দিনে কোনও খামতি না রেখে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার রাজপথে নেমে ঝড় তুলতে চলেছেন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper