Khabor Ekhon
কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলায় কৃষ্ণনগর আদালতে হাজিরা, মিলল অন্তর্বর্তীকালীন জামিন
২০১৭ সালে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার গঠনের পর কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে ‘অভিশাপ’ নামে একটি কবিতা পোস্ট করেছিলেন। অভিযোগ, ওই কবিতায় হিন্দু ধর্মের এক দেবতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই ২০১৯ সালে কৃষ্ণনগর জর্জকোর্টে মামলা দায়ের করেন আইনজীবী রমিত শিল।
মামলাকারীর দাবি ছিল, কবিতার ভাষা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এরপর আদালতের পক্ষ থেকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও দীর্ঘদিন হাজিরা দেননি কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এর জেরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে।
অবশেষে শনিবার কৃষ্ণনগর আদালতে হাজির হন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। আদালতে তাঁর পক্ষে জামিনের আবেদন জানানো হয়। মামলাকারী পক্ষের আইনজীবী বিশ্বজিৎ টামতা জানান, আদালত শর্তসাপেক্ষে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে।
তিনি বলেন, “আদালত ২০০০ টাকার বন্ডে জামিন দিয়েছে। পাশাপাশি লোকাল সিকিউরিটি দিতে হবে অথবা ক্যাশ সার্টিফিকেট জমা করতে হবে। এছাড়া আদালতের অনুমতি ছাড়া কলকাতা ও কৃষ্ণনগর কোর্টের নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না।”
এই ঘটনাকে ঘিরে আইনজীবী মহল ও রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। দীর্ঘদিন পর আদালতে কবির হাজিরা এবং জামিন মঞ্জুর হওয়ায় মামলাটি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

