Khabor Ekhon
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে কুরুচিকর পোস্ট! কৃষ্ণনগরে গ্রেপ্তার এক ব্যক্তি, পেশ করা হলো আদালতে
রমিত সরকার, (কৃষ্ণনগর): সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নামে কুরুচিকর ও আপত্তিকর পোস্ট করার অভিযোগে কৃষ্ণনগর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সুকুমার বিশ্বাস। তাঁর বাড়ি কৃষ্ণনগরের হরিশপুর এলাকার মোদক পাড়ায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি একটি সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি বিতর্কিত পোস্ট ভাইরাল হয়। অভিযোগ, সেই পোস্টে অশালীন ও মানহানিকর মন্তব্য করা হয়েছিল। বিষয়টি নজরে আসতেই তদন্তে নামে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে অভিযুক্তকে চিহ্নিত করে শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শনিবার ধৃতকে কৃষ্ণনগর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্তের মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। ওই পোস্টের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা, তাও তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর, উস্কানিমূলক বা কুরুচিকর পোস্টের বিরুদ্ধে ভবিষ্যতেও কড়া পদক্ষেপ নেওয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

