Khabor Ekhon
দয়া চাই না, লড়াই চলবে: মমতা
ভোটের ফলপ্রকাশ এবং গদি বদলের পর থেকেই রাজ্যের রাজনৈতিক আবহাওয়া তপ্ত। একদিকে যখন ব্রিগেডে নতুন সরকারের রাজকীয় শপথ গ্রহণ চলছে, ঠিক তখনই নিজের গড় কালীঘাটে রবীন্দ্র-জয়ন্তীর অনুষ্ঠানে বসে বিস্ফোরক সব অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কবিরতর্পণের মঞ্চ থেকেই তিনি নাম না করে নতুন শাসক শিবিরের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ এনে সরব হন। তাঁর দাবি, গত দু’দিন ধরে তিনি কার্যত বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে রয়েছেন। কেন তাঁর ফোনে কোনও মেসেজ ঢুকছে না বা কেউ ফোন করতে পারছে না, তার কারণ খুঁজতে গিয়ে তিনি জানতে পারেন যে তাঁর বাড়ির ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
কালীঘাটে আয়োজিত রবীন্দ্র-জয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত ঘনিষ্ঠ মহল এবং সাংবাদিকদের সামনে মমতা জানান, “ওরা যেদিন জিতেছে, সেদিন রাত থেকেই আমার সব নিরাপত্তারক্ষী তুলে নিয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম গত পরশুদিন। দেখছি ফোনে কোনও মেসেজ আসছে না, কেউ ফোনও করছে না। তখন খোঁজ নিয়ে দেখলাম আমার বাড়ির ইন্টারনেট সংযোগটাও ওরা তুলে নিয়েছে। আরে, আমায় এক ঘণ্টা আগে তো জানাতে পারত! আমি তো ওদের দয়া চাই না, ক্ষমা ভিক্ষাও চাই না।” তাঁর এই মন্তব্যের মধ্য দিয়ে কার্যত নতুন সরকারের প্রশাসনিক তৎপরতা এবং রাজনৈতিক সৌজন্য নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন তৃণমূল নেত্রী। তাঁর সাফ কথা, পরাজয় সত্ত্বে লড়াইটা নৈতিকভাবে তাঁরাই জিতেছেন এবং এই ধরনের ‘ছোট মনের’ পরিচয় দিয়ে তাঁকে দমানো যাবে না।
এ দিনের অনুষ্ঠানে কেবল ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়া নয়, গণনার দিন তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছিল, তারও এক ভয়াবহ বিবরণ পেশ করেন মমতা। গণনার দিন সিআরপিএফ-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি তাঁদের ‘গুণ্ডা বাহিনী’ বলে কটাক্ষ করেন। মমতা অভিযোগ করেন, “আমি ৩২ হাজার ভোটে জিতছিলাম। ঠিক তখনই বিজেপি প্রার্থী ২০০-র বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে কাউন্টিং সেন্টারে ঢুকে হুমকি দেওয়া শুরু করে। আমাকে গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়। তারা আমার পেটে এবং পিঠে লাঠি মারে। একজন মহিলা হওয়ার পরও আমাকে রেয়াত করা হয়নি, বেধড়ক মারধর করা হয়েছে। নিগ্রহের সেই মুহূর্তে সিসিটিভিও বন্ধ করে রাখা হয়েছিল। আমি বলেছিলাম গণনা শেষ না হওয়া পর্যন্ত সরব না, কিন্তু ওরা দুর্ব্যবহার করে আমাকে বের করে দিয়েছে।”
প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ‘আক্রান্ত’ হিসেবে তুলে ধরে জনমানসে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। অন্য পক্ষ মনে করছে, ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে প্রাক্তন প্রশাসনিক প্রধানের প্রোটোকল ও নিরাপত্তা যে ভাবে রাতারাতি বদলে দেওয়া হয়েছে, তাতে সৌজন্যের অভাব স্পষ্ট। তবে তৃণমূল নেত্রীর কন্ঠে এ দিন বারবার ফিরে এসেছে লড়াইয়ের বার্তা। তিনি স্পষ্ট করে দিয়েছেন, পরিস্থিতি প্রতিকূল হলেও তিনি পিছু হঠার পাত্রী নন। ইন্টারনেট বা নিরাপত্তারক্ষী কেড়ে নিলেও মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ছিন্ন করা সম্ভব নয় বলে তিনি দাবি করেন। রবীন্দ্র-জয়ন্তীর মতো এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চকে এ ভাবে রাজনৈতিক প্রতিবাদের হাতিয়ার করে তুলে মমতা বুঝিয়ে দিলেন, আসন্ন দিনে নতুন সরকারের বিরুদ্ধে তিনি আরও আক্রমণাত্মক মেজাজেই ময়দানে থাকবেন। দিনভর রাজ্যে যখন জয়ী পক্ষের উল্লাস চলছে, তখন কালীঘাটের এই নিঃশব্দ অথচ ঝাঁজালো প্রতিরোধ বাংলার রাজনীতিতে আগামী দিনের অস্থিরতারই ইঙ্গিত দিচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

